চট্টগ্রাম সমিতি-ঢাকা আয়োজিত ঐতিহ্যবাহী ‘বার্ষিক মেজবান ও মিলনমেলা-২০১৫’ অনুষ্ঠানে বক্তারা বলেছেন, সব ধরনের রাজনৈতিক মতভিন্নতা ও আঞ্চলিকতার বাইরে এসেই বাণিজ্যিক রাজধানী বন্দরনগরী চট্টগ্রামের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। কারণ, চট্টগ্রামের উন্নয়ন মানেই বাংলাদেশের উন্নয়ন। সেখানে রয়েছে দেশের বৃহত্তম সমুদ্রবন্দর। এই বন্দরই দেশের সিংহভাগ রাজস্ব জোগান দিচ্ছে।
গতকাল শনিবার রাজধানীর মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে সমিতির সভাপতি লায়লা সিদ্দিকীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন খানের সঞ্চালনায় মিলনমেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রথম পর্বে চট্টলশিখার মোড়ক উন্মোচন করা হয়। সমিতির নেতারা এই পর্বে উপস্থিত থেকে বক্তব্য দেন। উপস্থিত ছিলেন চট্টলশিখা সম্পাদক মোস্তফা ইকবাল চৌধুরী ও সম্পাদকমণ্ডলীর সভাপতি মুহাম্মদ মারুফ শাহ চৌধুরী। অনুষ্ঠানের মূল পর্বে সমিতির সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন খান ও পদক কমিটির সদস্যসচিব শফিকুর রহমানের উপস্থাপনায় মঞ্চে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মো. আজিজুল হক চৌধুরী, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম এম নাছির উদ্দিন ও উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান রণজিৎ কুমার বিশ্বাস।
অনুষ্ঠানে ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘চট্টগ্রামে ১৬ বছর শিক্ষকতা করেছি। সে সময় সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনে সম্পৃক্ত থেকেছি। তাই চট্টগ্রামবাসীর আহ্বান পেলেই আমি উপস্থিত না হয়ে পারি না।’
সভায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, চট্টগ্রামের উন্নয়নের জন্য একবিংশ শতাব্দীর গ্লোবাল সিটির বিকল্প নেই। চট্টগ্রামকে বাদ দিয়ে সরকারের মধ্যমেয়াদি পরিকল্পনা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
মেজবানে চট্টগ্রামের লেখকদের প্রকাশিত বইয়ের প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে সংগীতানুষ্ঠান উপস্থাপন করেন সমিতির সাংস্কৃতিক সম্পাদক অশোক বড়ুয়া ও নির্বাহী সদস্য সাইফুদ্দিন আহমেদ। সংগীত পরিবেশন করেন জনপ্রিয় সংগীতশিল্পী তপন চৌধুরী, কান্তা নন্দী, রবি চৌধুরী, ফকির শাহাবুদ্দিন, সন্দীপন, দিনাত জাহান, রন্টি দাস, রাশেদসহ খ্যাতিমান শিল্পীরা।
চট্টগ্রাম সমিতির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করে দৈনিক পূর্বদেশ বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করে, ইউসিবিএল, ওয়েল গ্রুপ, আমিন মোহাম্মদ গ্রুপ এবং সিটি ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠান সার্বিক সহযোগিতা করে। বিজ্ঞপ্তি।