চট্টগ্রামের উন্নয়নে ২০০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির কেন্দ্রীয় সহসভাপতি আবদুল্লাহ আল নোমান চট্টগ্রামের সত্যিকার উন্নয়নে সরকারে কাছে দুই হাজার কোটি টাকা বিশেষ বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছেন। তিনি বলেন, দুই দফায় প্রায় ১০ বছর মন্ত্রীর দায়িত্বপালনের অভিজ্ঞতা ও এখানকার মানুষ হিসেবে আমি বুঝেছি, সিটি করপোরেশনের মাধ্যমে সরকার প্রতি বছর যে বরাদ্দ দেয়, তা দিয়ে চট্টগ্রামের সত্যিকার উন্নয়ন সম্ভব নয়। এ জন্য বিশেষ বরাদ্দ লাগবে।গত বুধবার দুপুরে চট্টগ্রাম নগরের একটি রেস্তোরাঁয় এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে নোমান এসব কথা বলেন। এ সময় নগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির তিন সাধারণ সম্পাদক যথাক্রমে শাহাদৎ হোসেন, আসলাম চৌধুরী ও শেখ মহিউদ্দিন, স্থানীয় নেতা ইনাম উল হক, আনোয়ার হোসেন, এ এম নাজিম উদ্দীন, কাজী নুরুল্লাহ, মাহবুবুর রহমান, শামসুল আলম, আবুল হাশেম উপস্থিত ছিলেন। তবে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন না। নোমান বলেন, দেশের সার্বিক উন্নয়নের স্বার্থে চট্টগ্রামের উন্নয়ন দরকার। চট্টগ্রামের উন্নয়ন হলে টেকনাফ থেকে তেঁতুলিয়া—সব জায়গার মানুষ উপকৃত হবে। তিনি দাবি করেন, চট্টগ্রামের বড় বড় উন্নয়ন প্রকল্প বিএনপির বিগত দুই সময়কালে (১৯৯১ এবং ২০০১ সালে) নেওয়া হয়েছে। আওয়ামী লীগ গত দুই বছর চট্টগ্রামের উন্নয়নে একটি প্রকল্পও নেয়নি। আগের আমলেও (১৯৯৬ সালে) আওয়ামী লীগ চট্টগ্রামের জন্য কোনো উন্নয়ন প্রকল্প নিতে পারেনি। বিএনপির আমলে নেওয়া প্রকল্প বাস্তবায়ন করে প্রধানমন্ত্রী এখন উদ্বোধন করছেন। বিএনপির শাসনামলে চট্টগ্রামের জন্য নেওয়া প্রকল্পের দীর্ঘ ফিরিস্তি তুলে ধরে সাবেক এই মন্ত্রী বলেন, চট্টগ্রামের জন্য মহাপরিকল্পনা প্রণয়নের কাজও বিএনপি আমলে হয়। অথচ সেই মহাপরিকল্পনা না মেনে সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী নালা-নর্দমা দখল করে ভবন নির্মাণ করে জলাবদ্ধতা সৃষ্টি করেছেন। চট্টগ্রাম বন্দরের বর্তমান দুরবস্থার জন্য নোমান আওয়ামী লীগ সরকারের মন্ত্রী-সাংসদদের দায়ী করে অভিযোগ করেন, তাঁরা বন্দরের প্রকল্পের টাকা নিয়ে ভাগাভাগি করছেন। বিএনপি বন্দর নিয়ে কখনো রাজনীতি করেনি, ভবিষ্যতেও করবে না।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নোমান দলের নগর কমিটিতে কোন্দলের বিষয়টি স্বীকার করে বলেন, বড় রাজনৈতিক দলে মতদ্বৈততা, মতভেদ থাকবে। তবে ভবিষ্যতে সরকারবিরোধী গণআন্দোলনে এই মতভেদ কোনো সমস্যা সৃষ্টি করবে না।