চট্টগ্রাম থেকে আদায় হওয়া করের টাকা চট্টগ্রামের উন্নয়নেই ব্যয় করা হচ্ছে। বিশেষ করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) মাধ্যমে সম্প্রতি সড়ক যোগাযোগের ক্ষেত্রে যে উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে, এটা তারই প্রমাণ বহন করে। আগামী ছয় মাসের মধ্যে এসব কাজ প্রায় শেষ হয়ে আসবে। আর এতে জনগণের চলাচল অনেক সাশ্রয়ী এবং সহজ হবে। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. আফছারুল আমীন গতকাল রোববার সকালে চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামসংলগ্ন জিমনেসিয়ামে সপ্তাহব্যাপী আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন। আয়কর বিভাগ চট্টগ্রামে এই মেলার আয়োজন করে।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মো. শাহজাহান। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চার কর অঞ্চলের কমিশনার যথাক্রমে মো. দবির উদ্দিন, অপূর্বকান্তি দাশ, নজরুল ইসলাম ও প্রদ্যুৎ কুমার সরকার এবং আপিল বিভাগের কমিশনার সেলিম আফজাল।প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মেলা চলবে। নতুন করদাতাদের টিআইএন, পুরোনোদের রিটার্নের প্রাপ্তিস্বীকারসহ কর প্রদানে সব ধরনের সেবা দেওয়া হবে।