চট্টগ্রামের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল শুক্রবার দুপুরে ছনুয়া ইউনিয়ন থেকে দুজন জখম হওয়া রোগী আসেন। ফজল কাদের নামের রোগীকে মাথার ও জান্নাতুল ফেরদৌস নামের রোগীকে হাঁটুর এক্স-রে করানোর পরামর্শ দেন জরুরি বিভাগে নিয়োজিত চিকিৎসক। স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে যন্ত্র নষ্ট থাকায় তাঁরা বাইরের একটি রোগনির্ণয়কেন্দ্র থেকে এক্স-রে করিয়ে আনেন। এরপর চিকিৎসা শুরু হয়।ফজল কাদের বলেন, ‘বাইরে এক্স-রে করাতে আমার ২০০ টাকা খরচ হয়েছে। হাসপাতালে যদি এটা করা যেত, তাহলে এই বাড়তি খরচ লাগত না।’ শুধু বাঁশখালী নয়, চট্টগ্রামের ১৪টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে নয়টিরই এক্স-রে যন্ত্র নষ্ট হয়ে পড়ে আছে। কোনোটি দুই বছর, কোনোটি এক বছর, কোনোটি আবার কয়েক মাস আগে থেকেই বিকল হয়ে পড়ে। যে পাঁচটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে যন্ত্র ভালো রয়েছে বলে দাবি করা হচ্ছে, সেগুলোও অনেক দিনের পুরোনো। এ কারণে এক্স-রে করার জন্য রোগী ও চিকিৎসকদের সমস্যায় পড়তে হয়।অনুসন্ধানে জানা গেছে, ফটিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে যন্ত্রটি প্রায় দুই বছর ধরে অচল অবস্থায় পড়ে আছে। পুরোনো এই যন্ত্র মেরামত করা হচ্ছে না। অথচ ফটিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের প্রসূতিসেবা মানের দিক থেকে ছয় বছর ধরে চট্টগ্রাম বিভাগে শীর্ষে রয়েছে।ফটিকছড়ির স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা দেবাশীষ দত্ত বলেন, ‘দুই বছর ধরে আমাদের এক্স-রে যন্ত্র নষ্ট অবস্থায় পড়ে আছে। জরুরি এক্স-রের জন্য আমাদের বাইরের কেন্দ্রগুলোর ওপর নির্ভর করতে হয়।’ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রতি সপ্তাহে ঘটে দুর্ঘটনা। দুর্ঘটনাজনিত রোগীদের বেশির ভাগই হাড় ভাঙাসংক্রান্ত। কিন্তু এই সড়কের পাশে অবস্থিত মিরসরাই ও সীতাকুণ্ড স্বাস্থ্যকেন্দ্র দুটির এক্স-রে যন্ত্র নষ্ট হয়ে পড়ে আছে।এ প্রসঙ্গে মিরসরাই স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা এস এম তবারক উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘অনেক দিন ধরে আমাদের এক্স-রে যন্ত্র নষ্ট হয়ে পড়ে আছে। প্রতিদিন আসে হাড়ভাঙা রোগী। বাইরে থেকে এক্স-রে করিয়ে আনার পর চিকিৎসা শুরু করতে হয়।’সরেজমিনে দেখা গেছে, হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে যন্ত্র কিছুদিন ধরে নষ্ট অবস্থায় পড়ে আছে। এটির সুইচ নষ্ট হয়ে গেছে বলে টেকনিশিয়ানের সঙ্গে কথা বলে জানা গেছে। এ ছাড়া বোয়ালখালী, সাতকানিয়া, রাঙ্গুনিয়া ও সন্দ্বীপ স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে যন্ত্র নষ্ট হয়ে পড়ে রয়েছে। সন্দ্বীপের এক্স-রে যন্ত্র বাক্সবন্দী অবস্থায় রয়েছে। অন্যদিকে, পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে যন্ত্র ভালো থাকলেও তাতে প্রিন্ট ঝাপসা আসে বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন। এ কারণে সূক্ষ্ম ভাঙা নির্ণয়ে সমস্যা হয়। রাউজানের এক্স-রে যন্ত্র অনেক বছরের পুরোনো; তা-ও ঠিকমতো কাজ করে না বলে জানা গেছে।সরেজমিনে দেখা গেছে, আনোয়ারার এক্স-রে যন্ত্র ভালো রয়েছে। কিন্তু প্রায়ই যান্ত্রিক ত্রুটি দেখা দেয় তাতে। এক্স-রে যন্ত্রের সংকটের কথা স্বীকার করে জেলা সিভিল সার্জন মো. আবু তৈয়ব প্রথম আলোকে বলেন, ‘আমরা নতুন এক্স-রে যন্ত্রের কথা অনেকবার লিখেছি। এখনো পাইনি। কোনো রকমে জোড়াতালি দিয়ে কাজ চালানো হচ্ছে।’