চট্টগ্রামের উপজেলাগুলোতে এবার আয়কর মেলা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর বিষয়ে সচেতনতা বাড়াতে প্রথমবারের মতো এবার চট্টগ্রামের বিভিন্ন উপজেলাতেও আয়কর মেলা হবে। গতকাল রোববার সকালে চট্টগ্রাম আয়কর বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কর আপিল অঞ্চল চট্টগ্রামের কর কমিশনার ও আয়কর দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক কাজী ইমদাদুল হক।
জাতীয় আয়কর দিবস ও আয়কর মেলা উপলক্ষে চট্টগ্রাম কর প্রশাসন এ মেলার আয়োজন করেছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, আয়কর দিবস উপলক্ষে আগামী মঙ্গলবার র্যা লি ও করদাতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পরদিন বুধবার থেকে সপ্তাহব্যাপী চট্টগ্রামের আগ্রাবাদে সরকারি কার্যভবন-২ সংলগ্ন মাঠে আয়কর মেলা হবে।
১৬ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যে বিভিন্ন দিনে চট্টগ্রামের আনোয়ারা, পটিয়া, লোহাগাড়া, চন্দনাইশ, রাউজান, হাটহাজারী, সীতাকুণ্ড, বোয়ালখালী ও সাতকানিয়া উপজেলায় ভ্রাম্যমাণ আয়কর মেলা হবে। এর বাইরে কক্সবাজার জেলার টেকনাফে এক দিনের ও চকরিয়া উপজেলায় দুই দিনের আয়কর মেলার আয়োজন করা হয়েছে। দ্বিতীয়বারের মতো এবারও কক্সবাজারে চার দিন এবং তিন পার্বত্য জেলায় দুই দিনব্যাপী আয়কর মেলা হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কাজী ইমদাদুল হক বলেন, চট্টগ্রামে অনুষ্ঠিত আয়কর মেলায় ২০১৩-১৪ করবর্ষে ১৯ হাজার ৪৩৭টি রিটার্ন দাখিল করা হলেও আয়কর আদায় হয় ২৭৬ কোটি টাকা। ২০১৪-১৫ করবর্ষে ১২ হাজার ৫৮৫টি রিটার্নের বিপরীতে আয়কর আদায় হয়েছে ৩৫২ কোটি টাকা।
সংবাদ সম্মেলনে কর অঞ্চলের-১-এর কমিশনার অপূর্ব কান্তি দাশ বলেন, গত অর্থবছরে চট্টগ্রামের চারটি কর অঞ্চল ৬ হাজার ২০৪ কোটি টাকার আয়কর আদায় করেছে। ওই সময়ে রিটার্ন জমা পড়েছে ১ লাখ ২০ হাজার ৯৬৬টি। এবার জাতীয় রাজস্ব বোর্ড থেকে কর আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে আট হাজার কোটি টাকা। তিনি বলেন, চট্টগ্রামের চারটি কর অঞ্চলে মোট করদাতার সংখ্যা ২ লাখ ৮০ হাজার ২১২।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কর অঞ্চল-২-এর কমিশনার প্রদ্যুৎ কুমার সরকার, কর অঞ্চল-৩-এর কমিশনার নজরুল ইসলাম, ৪-এর কমিশনার মোতাহের হোসেন, আয়কর দিবস উদ্যাপন কমিটির সদস্যসচিব সৈয়দ মোহাম্মদ আবু দাউদ প্রমুখ।