চট্টগ্রামের এইডস প্রকল্পে কাজ নেই, আছে কার্যালয়
জার্মান সহযোগিতা সংস্থা জিটিজেড ও চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত এইচআইভি/এইডস প্রতিরোধ এবং সচেতনতামূলক যৌথ প্রকল্প কার্যত বন্ধ হয়ে গেছে। জিটিজেড তাদের চট্টগ্রামের কার্যালয়ও গুটিয়ে ফেলেছে। তাই এক বছর ধরে এ প্রকল্পের কোনো কাজ হচ্ছে না।অভিযোগ পাওয়া গেছে, করপোরেশনের অবহেলা ও অযাচিত হস্তক্ষেপের কারণে গত বছরের জানুয়ারি থেকে জার্মান টেকনিক্যাল কো-অপারেশন (জিটিজেড) চট্টগ্রামে কোনো কাজ করছে না। অথচ ২০১১ সালের ডিসেম্বর পর্যন্ত তাদের এখানে কাজ করার কথা ছিল। কার্যক্রম বন্ধ থাকায় সিটি করপোরেশন গত ডিসেম্বরে বিশ্ব এইডস দিবস পালন করতে পারেনি।জানা গেছে, ইতিমধ্যে জিটিজেড চট্টগ্রাম প্রেসক্লাবের নিচতলার কার্যালয় থেকে সব যন্ত্রপাতি ও আসবাব ঢাকায় নিয়ে গেছে। অন্যদিকে সিটি করপোরেশনের প্রকল্প পরিচালকের কক্ষে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আরেকটি প্রকল্পের কাজ শুরু হয়েছে।জানা গেছে, বিদেশিদের আসা-যাওয়া, চট্টগ্রাম বন্দর, মিয়ানমারের ট্রানজিট পয়েন্ট এবং বেশ কিছু ট্রাকস্ট্যান্ড থাকায় চট্টগ্রাম এইডসের ঝুঁকির মধ্যে রয়েছে। চিকিত্সক ও সেবিকাদের এইচআইভি/এইডস বিষয়ে দেশ-বিদেশে প্রশিক্ষণ, মাদকাসক্ত নারীদের পুনর্বাসন ও সচেতনতা বাড়ানোর লক্ষ্যে ২০০৪ সালে সিটি করপোরেশনের সঙ্গে কাজ শুরু করে জিটিজেড। পরে রাজশাহী, খুলনা ও সিলেট সিটি করপোরেশনেও এ কর্মসূচি সম্প্রসারণ করা হয়। চট্টগ্রামে সংস্থাটির কার্যক্রম বন্ধ হলেও অন্য সিটি করপোরেশনে এ কার্যক্রম চলছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিটি করপোরেশনের জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তা সাহানা পারভীনকে প্রকল্পের পরিচালক নিয়োগ করা হয়। প্রকল্পের অর্থসংক্রান্ত বিষয়গুলোর তদারকি নিয়ে শুরু থেকেই দুই প্রতিষ্ঠানের মধ্যে দ্বন্দ্ব চলছিল। তা সত্ত্বেও ২০০৮ সাল পর্যন্ত প্রকল্পের কাজ ভালোভাবেই চলে। এ বছর প্রকল্পের মেয়াদ ২০১১ সাল পর্যন্ত বাড়ানো হয়।জিটিজেডের কারিগরি উপদেষ্টা জনাথেন কুচিং প্রথম আলোকে বলেন, ‘আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে চুক্তিবদ্ধ কোনো প্রতিষ্ঠানকে কারিগরি ও আর্থিক সহযোগিতা দিই; কিন্তু কোনো নগদ টাকা দিই না।’ তিনি আরও বলেন, ‘জিটিজেডের তত্ত্বাবধানে চট্টগ্রামে আর চিকিত্সক ও সেবিকাদের প্রশিক্ষণ দেওয়া হবে না। তবে আমরা প্রকল্প বন্ধ করিনি। ২০১১ সাল পর্যন্ত কর্মসূচি কীভাবে রাখা যায়, তা নিয়ে আমরা ডা. সেলিমের সঙ্গে কথা বলছি।’অভিযোগ রয়েছে, ২০০৮ সাল থেকে জিটিজেডের কার্যক্রম নিয়ে সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম আকতার চৌধুরীর সঙ্গে প্রকল্প পরিচালক সাহানা পারভীনের দ্বন্দ্ব শুরু হয়। একপর্যায়ে ২০০৯ সালের জানুয়ারিতে জিটিজেড চট্টগ্রাম থেকে তাদের কার্যক্রম গুটিয়ে নেয়। পাশাপাশি জিটিজেডের উচ্চপর্যায়ের কর্মকর্তারা সাহানাকে পাশ কাটিয়ে সেলিম আকতারের সঙ্গে যোগাযোগ শুরু করেন।সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জিটিজেডের কার্যালয় কার্যত বন্ধ। এখানে জনবল বলতে আছেন মাত্র দুজন কর্মচারী। তাঁরা প্রতিদিন নিয়ম করে সকালে কার্যালয় খোলেন আর বিকেলে বন্ধ করেন। এর বাইরে তাঁদের আর কোনো কাজ নেই।সাহানা পারভীন বলেন, ‘জিটিজেড চট্টগ্রাম থেকে কার্যক্রম গোছাতে শুরু করলে আমি বিষয়টি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তাকে লিখিতভাবে জানাই; কিন্তু তিনি কোনো পদক্ষেপ নেননি। উল্টো প্রকল্প পরিচালকের কক্ষে ডব্লিউএইচওর আরেকটি প্রকল্পের কার্যালয় করা হয়। ফলে প্রকল্প পরিচালক হলেও এখন আমার কোনো কাজ নেই। জিটিজেডের লোকজন এখন আর আমার সঙ্গে যোগাযোগ করেন না। তাঁরা সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গেই কথা বলেন।’তবে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম বলেন, ‘জিটিজেড প্রকল্পের মাধ্যমেই সিটি করপোরেশন এইডস-সংক্রান্ত সব কাজ পরিচালনা করে। তাদের সঙ্গে আমার যোগাযোগ একেবারেই অনানুষ্ঠানিক। কাজেই প্রকল্পের সাফল্য-ব্যর্থতার দায়ভার প্রকল্প পরিচালকের।’জানা যায়, প্রকল্প শুরুর পরপরই সিটি করপোরেশনের ১২ জন চিকিত্সককে বিদেশে নিয়ে উচ্চতর প্রশিক্ষণ দেয় জিটিজেড। পরে ওই চিকিত্সকেরা চট্টগ্রামে সরকারি-বেসরকারি পর্যায়ে ২৩৫ জন চিকিত্সক ও ২৭৫ জন সেবিকাকে এইডস বিষয়ে প্রশিক্ষণ দেন। সবার প্রশিক্ষণের যাবতীয় খরচ বহন করে জিটিজেড।