চট্টগ্রামের এক কলেজে প্রশ্নপত্র ফাঁস করায় অধ্যক্ষের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসসি পরীক্ষার্থী মেয়ের জন্য প্রশ্নপত্র ফাঁস করে দেওয়ায় চট্টগ্রামের হাটহাজারী উপজেলাধীন ফতেয়াবাদ কলেজের অধ্যক্ষ মো. ইদ্রিসকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁর মেয়েকেও বহিষ্কার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকালে গণিত প্রথম পত্রের পরীক্ষার প্রশ্নপত্র হাতে পেয়ে অধ্যক্ষ ও কেন্দ্রসচিব মো. ইদ্রিস মুঠোফোনে তাঁর মেয়েকে তা জানিয়ে দিচ্ছিলেন। মেয়ে মিসতাহুল জান্নাত এ বছর চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেয়। তার কেন্দ্র ছিল চট্টগ্রাম সরকারি কলেজে।

প্রশাসন সূত্র জানায়, গতকাল সকালে পরীক্ষা শুরুর আগেই ফতেয়াবাদ কলেজ কেন্দ্রে গণিতের প্রশ্নপত্র পেয়ে অধ্যক্ষ তাঁর মেয়েকে মুঠোফোনের মাধ্যমে উত্তর বলে দিচ্ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান পরিচালিত ভ্রাম্যমাণ আদালত সেখানে ছুটে যান। তিনি অধ্যক্ষকে হাতেনাতে ধরে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং তাঁর মেয়েকে বহিষ্কারের আদেশ দেন।

জেলা প্রশাসকের স্টাফ অফিসার রাকিব হাসান প্রথম আলোকে বলেন, ফতেয়াবাদ কলেজের অধ্যক্ষ এর আগেও একইভাবে তাঁর মেয়েকে প্রশ্নপত্র ফাঁস করে দেন। বিষয়টি জানার পর হাটহাজারীর ইউএনও ও নির্বাহী হাকিম ইশরাত জাহান অধ্যক্ষকে হাতেনাতে ধরে এ শাস্তি দিয়েছেন। চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত বিষয়টি নিশ্চিত করে গতকাল সন্ধ্যায় বলেন, ‘আমি এ ব্যাপারে এখনো লিখিতভাবে কিছু জানতে পারিনি। তবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার ফোন পেয়ে আগামী দিনের পরীক্ষা তদারকির জন্য ফতেয়াবাদ কলেজের জ্যেষ্ঠ একজন শিক্ষককে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কারণ, ওই কলেজে কোনো উপাধ্যক্ষ নেই।’