চট্টগ্রামের এক স্কুলের অফিস সহকারীর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে নিয়ে কটূক্তি করার অভিযোগে চট্টগ্রামের একটি স্কুলের একজন অফিস সহকারীর বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে মামলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির নাম মো. আলী। তিনি নগরের হালিশহর এলাকার মেহের আফজাল উচ্চবিদ্যালয়ের অফিস সহকারী। মামলার বাদী বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম নগর কমিটির সহসভাপতি হাজী ইকবাল।

গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম আবু ছালেম মোহাম্মদ নোমানের আদালতে মামলাটি করা হয়।

বাদীর আইনজীবী রাশেদুল ইসলাম চৌধুরী বলেন, ২০১৫ সালের ৯ আগস্ট থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে নিয়ে ফেসবুকে বিভিন্ন ধরনের কটূক্তি করেন মো. আলী। মামলায় তিনজনকে সাক্ষী রাখা হয়েছে। শুনানি শেষে বিচারক অভিযোগ আমলে নিয়ে অভিযোগটি এজাহার হিসেবে নিতে কোতোয়ালি থানাকে নির্দেশ দেন।

তবে দুই মন্ত্রী সম্পর্কে ফেসবুকে কিছুই লেখেননি দাবি করে মো. আলী গতকাল বিকেলে মুঠোফোনে বলেন, ১০ জানুয়ারি স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠানে মামলার বাদীর সঙ্গে তাঁর বিরোধ হয়। এর জের ধরে তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। তিনি বলেন, অফিস সহকারীর পাশাপাশি স্কুলে ক্লাসও নেন।