চট্টগ্রামের একটি সিএনজি স্টেশন সরানোর নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লালখান মৌজার বাটালিহিলসংলগ্ন রেইনবো সিএনজি সার্ভিস স্টেশনটি সরিয়ে নিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদেশ পাওয়ার ৩০ দিনের মধ্যে তা বাস্তবায়ন করতে বলা হয়েছে।গতকাল বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর সমন্বয়ে গঠিত হাইকোট বেঞ্চ এ নির্দেশ দেন।জানা যায়, চট্টগ্রাম সিটি করপোরেশনের মাস্টারপ্লানে ওই জায়গা উন্মুক্ত স্থান হিসেবে চিহ্নিত রয়েছে উল্লেখ করে এ নিয়ে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ২০০৬ সালে হাইকোর্টে রিট আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে আদালত ওই বছরের ২ ফেব্রুয়ারি রুল জারি করেন। রুলে ওই সিএনজি স্টেশন কেন সরানোর নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। রুলের চূড়ান্ত শুনানি শেষে গতকাল আদালত রায় দেন।আদালতে বেলার পক্ষে আইনজীবী ইকবাল কবির ও রেলওয়ের পক্ষে আইনজীবী নাঈম আহমেদ শুনানি করেন। ইকবাল কবির প্রথম আলোকে জানান, রেইনবো সিএনজি স্টেশনটি সরিয়ে নিতে বলা হয়েছে। আদেশ পাওয়ার ৩০ দিনের মধ্যে সরকার, রেলওয়ে কর্তৃপক্ষ এবং পরিবেশ অধিদপ্তরসহ ১০ বিবাদীকে তা বাস্তবায়ন করতে বলা হয়েছে।