চট্টগ্রামের একমাত্র সরকারি শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয় বেহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের একমাত্র সরকারি শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ে (বিএড কলেজ) দীর্ঘদিন ধরে চলছে নানা অনিয়ম ও অব্যবস্থাপনা। ক্যানটিন, কমনরুম, মেয়েদের ডাইনিং সমস্যার কোনো সমাধান হচ্ছে না। রয়েছে প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ শিক্ষকের অভাবও। এ ব্যাপারে চট্টগ্রাম সরকারি শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রূপেশচন্দ্র চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘বিভিন্ন সমস্যার মধ্যেও চেষ্টা করছি প্রশিক্ষণ মহাবিদ্যালয়ের কাজ সুষ্ঠুভাবে চালিয়ে যাওয়ার জন্য।’ জানা গেছে, নগরের বাকলিয়া এলাকায় অবস্থিত সরকারি শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ে মোট ২৩৮ জন বিএড এবং এমএড প্রশিক্ষণ নিচ্ছেন। এর মধ্যে বিএডের প্রশিক্ষণার্থী ২২০ এবং এমএডের ১৮ জন। মহাবিদ্যালয়ের ৩৪ জন শিক্ষকের মধ্যে বিএড প্রশিক্ষণ রয়েছে মাত্র ২০ জনের। বাকি ১৪ জনই প্রশিক্ষণবিহীন। সরেজমিনে ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, এখানে প্রশিক্ষণার্থীদের জন্য কোনো কমনরুম নেই। নিজস্ব ক্যানটিনটি দীর্ঘদিন ধরে বন্ধ। নোটিশ বোর্ড টাঙানোর জায়গায় অস্থায়ীভাবে চা-নাশতার ব্যবস্থা রয়েছে। মহিলা হোস্টেলের জন্য কোনো ডাইনিং রুম না থাকায় মেয়েদের ছেলেদের ডাইনিংয়ে গিয়ে খাবার সারতে হচ্ছে। কম্পিউটার ল্যাবের ২৫টি কম্পিউটারের মধ্যে অর্ধেকের বেশি নানা যান্ত্রিক ত্রুটির কারণে অচল হয়ে পড়েছে।মহাবিদ্যালয়ের ক্যাম্পাসটি প্রতিবছর বর্ষা মৌসুমে পানিতে তলিয়ে যায়। গত বছরের বর্ষায় এর বিজ্ঞান উন্নয়নকেন্দ্রের নিচতলার আসবাব নষ্ট হয়ে যায়। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে সকাল সোয়া নয়টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত একনাগাড়ে শ্রেণী কার্যক্রম চলছে। এতে মানসিকভাবে বিপর্যন্ত হয়ে পড়ছেন তাঁরা। আবার দুপুরে তাঁদের কম্পিউটার ক্লাসের সময় নির্ধারিত থাকলেও তখন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ক প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ থাকায় তাঁরা আর ক্লাস করতে পারেন না।শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সম্পর্কে নাম প্রকাশে অনিচ্ছুক ১২তম ব্যাচের একজন প্রশিক্ষণার্থী বলেন, ‘সবাই কম সময়ের জন্য এখানে প্রশিক্ষণে অংশ নিচ্ছেন বলে এসব নিয়ে তেমন কথা বলতে চান না। কর্তৃপক্ষও তাই এসব বিষয়কে খুব গুরুত্ব দেন না বলে আমার ধারণা।’মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রূপেশচন্দ্র চৌধুরী এসব অব্যবস্থাপনার কথা স্বীকার করে বলেন, ‘আমরা জলাবদ্ধতা নিরসনের বিষয়ে ঊর্ধ্বতন মহলে জানিয়েছি। ল্যাবের সাত-আটটি কম্পিউটার ইতিমধ্যে সারানো হয়েছে। বাকিগুলো পর্যায়ক্রমে সারানো হবে।’