চট্টগ্রামের ঐতিহাসিক নিদর্শন সম্পর্কে জানল শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার আয়োজিত দুই দিনব্যাপী ‘জার্নি টু হেরিটেজ’ বা ঐতিহাসিক নগরকেন্দ্র আন্দরকিল্লা ভ্রমণ শেষ হয়েছে। নগরের ঐতিহাসিক নিদর্শনগুলো ঘুরে দেখে শিক্ষার্থী ও শিক্ষকদের উপলব্ধি—অবিলম্বে এসব স্থাপনা সংরক্ষণের উদ্যোগ নেওয়া দরকার।গতকাল মঙ্গলবার সকালে ও বিকেলে দুই দফায় নয়টি স্কুল ও কলেজের প্রায় আড়াই শ শিক্ষার্থী এ আয়োজনে অংশ নেয়। অদম্য চট্টগ্রাম উৎসবকে সামনে রেখে দ্য ডেইলি স্টার এ আয়োজন করে।গতকাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, চট্টগ্রাম (ইউএসটিসি); সিলভার স্কাই স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম মহিলা কলেজ, বে-ভিউ স্কুল, মাস্টারমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুল, আগ্রাবাদ বালিকা বিদ্যালয়, লিটল জুয়েলস স্কুল, কাপাসগোলা সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয় ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নেয়।ভ্রমণে অংশ নেওয়া মাস্টারমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী আহমেদ শাহমুন বলেছে, ‘এত দিন টেলিভিশনে বা গাড়িতে যাওয়ার পথে লালদীঘি, আদালত ভবন, আন্দরকিল্লা জামে মসজিদ দেখেছি। কিন্তু এসব স্থাপনার ইতিহাস সম্পর্কে কিছুই জানতাম না। এই আয়োজনে অংশ নিয়ে জানলাম, এই শহরেই মধ্যযুগীয় ও ব্রিটিশ আমলের অনেক গুরুত্বপূর্ণ নিদর্শন রয়েছে।’চট্টগ্রাম মহিলা কলেজের শিক্ষার্থী সাবরিনা ইসলাম ও আমেনা আনজুম বলেন, ‘আন্দরকিল্লা এলাকার পাহাড়টির নাম যে রংমহল পাহাড়, তা আগে জানতাম না। এখন জানলাম, ১৯০৪ সালে এ পাহাড়ে প্রাচীন নিদর্শন পাওয়া গেছে।’ এ কলেজের শিক্ষক অমিত চৌধুরী বলেন, ‘আসলে আমিও এসব প্রাচীন ঐতিহাসিক নিদর্শন সম্পর্কে ভালোভাবে জানতাম না।’ তিনি বলেন, ‘এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। চট্টগ্রাম সিটি করপোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের উচিত, এসব স্থাপনা সংরক্ষণে দ্রুত উদ্যোগ নেওয়া।’ তাঁর এ দাবির সঙ্গে একমত প্রকাশ করে শিক্ষার্থীরাও।ভ্রমণের অংশ হিসেবে রংমহল পাহাড়, বদর আউলিয়া সমাধি, আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, কদম মোবারক মসজিদ, মসজিদ প্রাঙ্গণে থাকা সমাধিসৌধ, আদালত ভবন, জেনারেল হাসপাতাল, লালদীঘি ও লালদীঘি মাঠ পরিদর্শন করেছে শিক্ষার্থীরা।রোববার চট্টগ্রাম নগরের ফুলকি মিলনায়তনে এই আয়োজনের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম।