চট্টগ্রামের কর্ণফুলী নদীতে তিন মাস কোনো ধরনের স্থাপনা নির্মাণ ও মাটি ভরাট না করতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ ছাড়া জরিপ অধিদপ্তরের মহাপরিচালক ও চট্টগ্রামের জেলা প্রশাসককে সীমানা নির্ধারণ করে সে-সংক্রান্ত প্রতিবেদন ছয় মাসের মধ্যে আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদের রিটটি করেছিলেন। সরকারপক্ষে মামলাটি পরিচালনা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম তালুকদার।রুলে কর্নফুলী রক্ষায় নদীর অভ্যন্তরের সব স্থাপনা অপসারণের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। তিন সপ্তাহের মধ্যে পরিকল্পনা কমিশন, পরিবেশ অধিদপ্তর, ভূমিসচিব, অর্থসচিব, স্থানীয় সরকার সচিব, নৌপরিবহন সচিব, পানিসম্পদ সচিব, চট্টগ্রামের মেয়র, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিটিএ) চেয়ারম্যান, পরিবেশ অধিপ্তরের মহাপরিচালক, চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারকে জবাব দিতে বলা হয়েছে। শুনানিতে মনজিল মোরসেদ বলেন, দেশের বৃহত্তম বন্দর চট্টগ্রাম কর্ণফুলী নদীর মাধ্যমে সচল রয়েছে। কিন্তু কর্ণফুলী নদী দখল করে স্থাপনা তৈরি হচ্ছে বলে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এভাবে স্থাপনা নির্মাণের ফলে বন্দরের ওপর সুদূরপ্রসারী প্রভাব পড়বে।