শ্রমিকদের কর্মবিরতির কারণে গতকাল সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত চট্টগ্রামের কর্ণফুলী নদীর ১৬টি বেসরকারি ঘাটে জাহাজ থেকে পণ্য খালাস হয়নি। নিয়োগপত্র ও ছবিযুক্ত পরিচয়পত্র প্রদানসহ চারটি দাবিতে ঘাট ও গুদাম শ্রমিক সংগ্রাম পরিষদের ব্যানারে এ কর্মবিরতি পালন করেন শ্রমিকেরা।এ পরিস্থিতিতে বিকেলে শ্রমিক নিয়োগকারী ঠিকাদারি সংস্থাগুলো সংগ্রাম পরিষদের নেতাদের সঙ্গে সমঝোতা বৈঠক করে। বৈঠকে ঠিকাদারি সংস্থার প্রতিনিধিরা শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আশ্বাসে কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করা হয়। এ কারণে আজ সকাল নয়টা থেকে বেসরকারি ঘাটগুলোতে কাজ শুরু হবে।জানা গেছে, চট্টগ্রাম বন্দর জেটিতে পণ্যবাহী বড় জাহাজ ভিড়তে পারে না। এসব বড় জাহাজ বহির্নোঙরে অবস্থান করে। সেখান থেকে ছোট আকারের জাহাজের মাধ্যমে বড় জাহাজ থেকে পণ্য খালাস করে কর্ণফুলীর বেসরকারি ঘাট ও দেশের নানা প্রান্তে পরিবহন করা হয়।নিয়োগপত্র প্রদান ছাড়াও কল্যাণ তহবিলের নামে টাকা আদায় বন্ধ ও কর্তন করা টাকা ফেরত দেওয়ার দাবিতে গতকাল সকাল থেকে লাগাতার কর্মবিরতির ঘোষণা করেছিল সংগ্রাম পরিষদ। চট্টগ্রাম ঘাট ও গুদাম শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আলমগীর শরীফ গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ঠিকাদারদের আশ্বাসে কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করা হয়। তবে বৃহস্পতিবারের মধ্যে দাবি মানা না হলে পরদিন থেকে লাগাতার কর্মবিরতি কর্মসূচি পালন করা হবে বলে তিনি জানান।