চট্টগ্রামের কিছু এলাকায় তীব্র গ্যাসসংকট
চট্টগ্রামের বেশ কিছু এলাকায় রান্নার চুলায় গ্যাসের চাপ আবার কমে গেছে। এর ফলে রমজানে রান্নাবান্নায় সমস্যা হচ্ছে। এ জন্যে গ্যাসলাইনে পানি ঢুকে যাওয়াকে দায়ী করেছে কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানির একজন প্রকৌশলী।
গত রোববার থেকে নগরের রহমতগঞ্জ ও বাকলিয়াসহ কয়েকটি এলাকায় চুলায় গ্যাসের চাপ কমে যায়। এতে গৃহিণীদের রান্নাবান্নায় সমস্যা হচ্ছে।
নগরের রহমতগঞ্জ এলাকার বাসিন্দা শওকত আরা খানম প্রথম আলোকে বলেন, ‘রোববার থেকে গ্যাসসংকট দেখা দিয়েছে। ওই দিন সকাল সাড়ে আটটায় গ্যাস চলে যায়। দুপুরে আবার একটু চাপ ছিল। বিকেলে চলে গেলে রাত ১১টা পর আবার গ্যাস পাই। গতকাল সোমবার সকাল থেকে একই অবস্থা বিরাজ করছে। এভাবে গ্যাসের চাপ কমে গেলে রমজান মাসে মধ্যরাতে রান্নাবান্নার কি শক্তি থাকে?’
নগরের বাকলিয়া এলাকার বাসিন্দা নাজমুল হাসান প্রথম আলোকে বলেন, ‘রোজা আসার আগেই চুলায় গ্যাসের চাপ কমে গেছে। হঠাৎ করে এই সমস্যা দেখা দেওয়ায় আমাদের কেরোসিনের চুলার ওপর নির্ভর করতে হচ্ছে।’
কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানির মহাব্যবস্থাপক মো. সহীদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘গ্যাসসংকট তো হওয়ার কথা নয়। আমরা এখন ২৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ দিতে পারছি। সার কারখানাগুলো বন্ধ রয়েছে। তাই আবাসিক এলাকায় গ্যাসের চাপ কম থাকার কথা নয়।’
মো. সহীদ হোসেন আলী আরও বলেন, ‘বৃষ্টি এবং জলাবদ্ধতার কারণে পাইপে পানি ঢুকতে পারে। সে কারণে হয়তো পাইপলাইনে গ্যাসের চাপ কমে গেছে।’
তবে মো. সহীদের বক্তব্য মানতে নারাজ ভুক্তভোগী বাসিন্দারা। রহমতগঞ্জের একাধিক বাসিন্দার অভিযোগ পাইপলাইনে পানি ঢুকলে রাত ১১টার পর গ্যাসের চাপ থাকত না।
কর্ণফুলী গ্যাস বিরতণ কোম্পানি সূত্র জানায়, চট্টগ্রাম অঞ্চলে গ্যাসের মোট চাহিদা ৪০০ মিলিয়ন ঘনফুট। চাহিদার বিপরীতে ২৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া গেছে। চট্টগ্রাম অঞ্চলে ৬২টি সিএনজি ফিলিং স্টেশন টেনে নিয়েছে ৩০-৩২ মিলিয়ন ঘনফুট। এ ছাড়া, বিভিন্ন শিল্পকারখানায় গ্যাস-সংযোগ রয়েছে। সেগুলো গ্যাস টেনে নিচ্ছে। আবাসিক গ্রাহকদের চাহিদা সর্বোচ্চ ৪০-৪৫ মিলিয়নের মতো।