চট্টগ্রামের কেন্দ্রীয় ভান্ডার চলছে কর্মকর্তা ছাড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের পাহাড়তলীতে অবস্থিত বাংলাদেশ বেতারের কেন্দ্রীয় ভান্ডার চলছে কর্মকর্তা ছাড়াই। এখানে দুজন কর্মকর্তার স্থায়ী পদের বিপরীতে অতিরিক্ত দায়িত্ব হিসেবে চট্টগ্রাম বেতার কেন্দ্রের একজন উপ-আঞ্চলিক প্রকৌশলীকে নিয়োগ দেওয়া হয়। তিনি প্রায়ই অনুপস্থিত থাকেন বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে কেন্দ্রীয় ভান্ডারটি চলছে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কিছু কর্মচারী দিয়ে।বেতার সূত্রে জানা যায়, কেন্দ্রীয় ভান্ডারে বেতারের বিভিন্ন যন্ত্রপাতি মজুত রাখা হয়। পরে প্রয়োজনমতো সেগুলো বিভিন্ন কেন্দ্রে পাঠানো হয়। এখানে ১০ কিলোওয়াট-ক্ষমতাসম্পন্ন একটি এফএম ট্রান্সমিটার বসানোর বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে। এতে কেন্দ্রীয় ভান্ডারের গুরুত্ব আরও বেড়ে যায়। এ অবস্থায় চলতি বছরের এপ্রিল মাস থেকে প্রতিষ্ঠানটি একেবারে কর্মকর্তাহীন হয়ে পড়ে। তখন চট্টগ্রাম বেতার কেন্দ্রের উপ-আঞ্চলিক প্রকৌশলী সুব্রত কুমার দাসকে এখানে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।গত সোমবার দুপুরে পাহাড়তলী কেন্দ্রীয় ভান্ডারের কার্যালয়ে গিয়ে দেখা যায়, ওই কর্মকর্তার কক্ষটি বন্ধ রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, প্রায়ই তিনি অনুপস্থিত থাকেন। মাঝেমধ্যে কিছু সময়ের জন্য আসেন। জানা যায়, মূল দায়িত্ব পালনের চাপ এবং বিধান অনুযায়ী অতিরিক্ত কাজের কোনো ভাতা না পাওয়ার কারণেও হতাশ হয়ে পড়েন ওই কর্মকর্তা। কিছুদিন আগে তিনি অতিরিক্ত দায়িত্ব পালনে অপারগতার কথা লিখিতভাবে জানিয়েছেন বেতারের মহাপরিচালকের দপ্তরে। বিষয়টি স্বীকার করে উপ-আঞ্চলিক প্রকৌশলী সুব্রত কুমার দাস বলেন, ‘বিভিন্ন সময়ে আঞ্চলিক প্রকৌশলী অসুস্থ ও ছুটিতে থাকার কারণে আমাকে প্রায়ই চট্টগ্রাম বেতার কেন্দ্রে অবস্থান করতে হয়। কারণ, বেতারেও প্রকৌশলী সংকট রয়েছে। ফলে গুরুত্বপূর্ণ এ সরকারি প্রচারকেন্দ্রেও আমার উপস্থিতি জরুরি হয়ে পড়ে। এ অবস্থায় বাড়তি দায়িত্ব পালন কঠিন হয়ে পড়ে।’কেন্দ্রীয় ভান্ডার সূত্রে জানা যায়, দুজন উপ-আঞ্চলিক প্রকৌশলী পদমর্যাদার কর্মকর্তাসহ ২৭ জন কর্মচারীর পদ রয়েছে এখানে। কিন্তু বর্তমানে এখানে কর্মরত আছেন মাত্র ১০ জন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী। অপরদিকে, চট্টগ্রাম বেতারে নয়জন উপ-আঞ্চলিক প্রকৌশলীর মধ্যে মাত্র একজন কর্মরত আছেন।কেন্দ্রীয় ভান্ডারে চলমান নাজুক অবস্থার কথা স্বীকার করে চট্টগ্রাম বেতারের আঞ্চলিক প্রকৌশলী মো. আমিনুল ইসলাম বলেন, ‘এভাবে দুটি গুরুত্বপূর্ণ জায়গায় একজনকে দিয়ে কাজ চালানো সম্ভব হয়ে ওঠে না। আমরা মহাপরিচালকের দপ্তরে লোকবল সংকটের কথা জানিয়েছি।’