চট্টগ্রামের গণজাগরণ মঞ্চে উপচে পড়া ভিড়
যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গতকাল শুক্রবার ছুটির দিনে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরের গণজাগরণ মঞ্চে উপচে পড়া ভিড় জমে বিভিন্ন বয়সী নারী-পুরুষের। স্লোগান আর গানে গানে তাঁরা যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।কক্সবাজারে জামায়াত-পুলিশ সংঘর্ষের ঘটনার কথা মাথায় রেখে চট্টগ্রামের গণজাগরণ মঞ্চের নিরাপত্তাও কঠোর করা হয়েছে। গতকাল বেলা তিনটায় উদীচীর গণসংগীতের মধ্য দিয়ে গণজাগরণ মঞ্চের দশম দিনের কর্মসূচি শুরু হয়। এরপর গানের ফাঁকে ফাঁকে স্লোগান ধরেন সমবেত জনতা। ‘আমি কে তুমি কে—বাঙালি বাঙালি, তোমার আমার ঠিকানা—পদ্মা মেঘনা যমুনা, ফাঁসি ফাঁসি ফাঁসি চাই—কাদের মোল্লার ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগানে প্রকম্পিত হয় পুরো এলাকা।এর আগে জামালখানের প্রেসক্লাব চত্বরের দুদিকের প্রবেশপথে আর্চওয়ে (বিস্ফোরক চিহ্নিতকরণযন্ত্র) বসিয়ে তল্লাশি করে লোকজনকে ভেতরে ঢোকানো হয়। কক্সবাজারে জামায়াতের সহিংসতার পর পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে গণজাগরণ মঞ্চের নিরাপত্তা বাড়ানো হয়েছে। কোতোয়ালি থানার পরিদর্শক সদীপ কুমার দাশ বলেন, ‘সার্বিক পরিস্থিতি বিবেচনা করে গণজাগরণ মঞ্চের নিরাপত্তা বাড়ানো হয়েছে। সাধারণ পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ নিয়োজিত রয়েছে।’এদিকে, সন্ধ্যা ছয়টার দিকে সন্দেহজনক গতিবিধির কারণে গণজাগরণ মঞ্চের আশপাশ থেকে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁরা মুঠোফোনে ছবি তুলছিলেন বলে পুলিশ জানায়। পাশাপাশি সন্দেহজনক কিছু এসএমএসও পাওয়া গেছে। নিরাপত্তার এত বিড়ম্বনা সত্ত্বেও গতকাল সন্ধ্যা থেকে উপচে পড়া ভিড় হয় গণজাগরণ মঞ্চে। এ সময় বিভিন্ন বয়সী নারী-পুরুষ সেখানে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে স্লোগান দেন। বাবার কোলে চড়ে আসা ছোট্ট শিশুরাও মাথায় যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে ব্যান্ড পরে সমাবেশস্থলে আসে। মূল মঞ্চের আশপাশে বিভিন্ন স্থানে নানা সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ছোট ছোট দলে বিভক্ত হয়ে আলপনা আঁকে। কেউবা মাইক লাগিয়ে গান কবিতা ও বক্তৃতার আয়োজন করে।