চট্টগ্রামের গণজাগরণ মঞ্চে উল্লাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর চট্টগ্রামের গণজাগরণ মঞ্চে উল্লাস প্রকাশ করেছে সর্বস্তরের জনতা। গতকাল বৃহস্পতিবার দুপুরে রায় ঘোষণার পরপর নগরের বিভিন্ন স্থানে বের করা হয় বিজয় মিছিল।গতকাল সকাল থেকেই গণজাগরণ মঞ্চে সমবেত হন সব বয়সী মানুষ। অধীর আগ্রহে তাঁরা রায় ঘোষণার অপেক্ষা করতে থাকেন। দুপুরে রায় ঘোষণার পর বিজয়ের উল্লাসে মেতে ওঠে গণজাগরণ মঞ্চ। শুরু হয় বিজয় মিছিল। নগরের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ, শিক্ষার্থী, সংস্কৃতিকর্মী ও গৃহিণীরা আসতে শুরু করেন গণজাগরণ মঞ্চে। একে অন্যকে জড়িয়ে ধরে অভিনন্দন জানান গণজাগরণ মঞ্চে সমবেত লোকজন। করা হয় মিষ্টি বিতরণ। সৃষ্টি হয় নতুন স্লোগানের। ‘এই মাত্র খবর এল, সাঈদীর ফাঁসি হলো’, ‘সাঈদীর ফাঁসি হবে, পাকিস্তানে কবর হবে’, ‘জিতল লড়াই জিতল, রাজপথ জিতল’, ‘জিতল লড়াই জিতল, শাহবাগ জিতল’, ‘শহীদ রাজীব জিতল, জামালখান জিতল’।সাঈদীর ফাঁসির রায়কে নতুন প্রজন্মের মুক্তিযুদ্ধের প্রথম বিজয় অভিহিত করে অন্য রাজাকারদেরও সর্বোচ্চ শাস্তির দাবি জানান সব বয়সী মানুষ। নতুন স্লোগানের সঙ্গে আবার ওঠে সেই স্লোগান। ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, রাজাকারের ফাঁসি চাই’, ‘নিজামীর ফাঁসি চাই, সাকা চৌধুরীর ফাঁসি চাই’। প্রথম বিজয়ের মুহূর্তে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতিও শ্রদ্ধা জানানো হয়। গতকাল বিকেলে সাম্প্রদায়িকতা বিরোধী তরুণ উদ্যোগ চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেয়। যুদ্ধাপরাধের অভিযোগে কাদের মোল্লার রায়ের পর এই সংগঠনের উদ্যোগেই চট্টগ্রাম প্রেসক্লাবে প্রথম বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। পরে স্বতঃস্ফূর্ত জনতার অংশগ্রহণে তা গণজাগরণ মঞ্চে রূপ নেয়।চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের সমন্বয়ক শরীফ চৌহান প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘ প্রায় এক মাসের আন্দোলনের পর সর্বোচ্চ রায়ই ছিল জনতার কাম্য। এই বিজয় নতুন প্রজন্মের মুক্তিযুদ্ধে প্রথম পদক্ষেপ। আমাদের পথ দীর্ঘ। সব দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। জনতা যখন জেগেছে, চূড়ান্ত বিজয় আসবেই।’ গতকাল বিকেলে গণজাগরণ মঞ্চ আবার মুখর হয়ে ওঠে সব রাজাকারের ফাঁসির দাবিতে। ততক্ষণে নগর ও জেলার বিভিন্ন স্থানে জামায়াত-শিবিরের হামলার খবর আসতে থাকে। আবার স্লোগান ওঠে ‘জামায়াত-শিবিরের রাজনীতি আইন করে নিষিদ্ধ কর’, ‘ক-তে কাদের মোল্লা, তুই রাজাকার, তুই রাজাকার’, ‘জেগেছেরে জেগেছে বীর বাঙালি জেগেছে’।গতকাল গণজাগরণ মঞ্চে সমবেত সবার মাথায় ছিল জাতীয় পতাকা, কণ্ঠে দৃপ্ত স্লোগান। সন্ধ্যা নামতেই শুরু হয় বিজয়ের গান। গণজাগরণ মঞ্চে আসা ব্যবসায়ী হারুনুর রশিদ বলেন, ‘স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে মনে করি, সঠিক বিচার হয়েছে। এই রায়ে আমি আনন্দিত।’