চট্টগ্রামের গণজাগরণ মঞ্চে জামায়াত নিষিদ্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের তাণ্ডবের প্রতিবাদে জামালখানে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে গণজাগরণ মঞ্চ। গতকাল শুক্রবার ছুটির দিনে সব শ্রেণী-পেশার মানুষ এই মঞ্চে জড়ো হয়ে তাণ্ডবের প্রতিবাদের পাশাপাশি জামায়াত নিষিদ্ধের দাবি জানান।বিকেলে উদীচীর জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় গণজাগরণ মঞ্চের ২৪তম দিনের কার্যক্রম। এর আগে নগরের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল এসে প্রেসক্লাব চত্বরে জড়ো হয়। তারা যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে স্লোগানে স্লোগানে মুখর করে তোলে গণজাগরণ মঞ্চ।বিকেলে গণজাগরণ মঞ্চে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম। মোরশেদুল ইসলাম বলেন, ‘তরুণেরা মুক্তিযুদ্ধ দেখেনি। দীর্ঘদিন মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে দেয়নি মুক্তিযুদ্ধবিরোধীরা। জয় বাংলা বলা যেত না। সে জন্য তরুণেরা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস দীর্ঘদিন জানতে পারেনি। তবে অবাক বিসঞ্চয়ে দেখা গেল, এত বাধাবিপত্তির পরও তরুণ সমাজকে মুক্তিযুদ্ধের চেতনা থেকে দূরে সরিয়ে রাখা যায়নি।’মোরশেদুল ইসলাম বলেন, তরুণেরা মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে আন্দোলনে নেমেছে। আন্দোলনের যে নির্দলীয় বৈশিষ্ট্য তরুণেরা ধারণ করেছে, সেই বৈশিষ্ট্য অক্ষুণ্ন রাখতে হবে। চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে। গণজাগরণ মঞ্চে উপস্থিত জনতা ‘আর নয় প্রতিরোধ, এবার হবে প্রতিশোধ’, ‘মুক্তিযুদ্ধের বাংলায় রাজাকারের ঠাঁই নাই’, ‘জামায়াত-শিবিরের রাজনীতি, আইন করে নিষিদ্ধ কর’সহ বিভিন্ন স্লোগান দেন।