চট্টগ্রামের গণজাগরণ মঞ্চে সমাগম বাড়ছে
টানা ষষ্ঠ দিনের মতো চট্টগ্রামে চলছে মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে সমাবেশ। গতকাল সোমবার বেলা তিনটায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে উদীচীর জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে গণজাগরণ মঞ্চের সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। সন্ধ্যায় সেখানে সব শ্রেণী-পেশার মানুষের ভিড় বাড়ে।চট্টগ্রামে এসে গণজাগরণ মঞ্চের সমাবেশে সংহতি প্রকাশ করেছেন সাংবাদিক কামাল লোহানী। কামাল লোহানী বলেন, ‘তরুণেরা যে দায়িত্ব আজ পালন করছে, তা আমাদের জন্য গৌরবের। এই আন্দোলন এগিয়ে নিতে হবে।’যত দিন পর্যন্ত যুদ্ধাপরাধীদের বিচার শেষ হবে না, তত দিন পর্যন্ত রাজপথ না ছাড়ার অঙ্গীকার করেন প্রবীণ এই সাংবাদিক। পরে সবার সঙ্গে কামাল লোহানীও স্লোগান দেন, ‘যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই’।আগের দিনের মতো সোমবারও চোখে পড়ার মতো উপস্থিতি ছিল স্কুলের শিক্ষার্থীদের। প্রেসক্লাবের আশপাশের স্কুলের শিক্ষার্থীরা দলবেঁধে এবং অভিভাবকদের সঙ্গে এসে বসে পড়ছে সমাবেশ স্থলে। শিশু থেকে বৃদ্ধ—সবাই যোগ দিচ্ছেন সমাবেশ স্থলে। একদল তরুণ-তরুণী প্রায় ৩০ গজ দীর্ঘ একটি লাল সবুজ পতাকা নিয়ে হাজির হন সমাবেশ স্থলে। শিশুদের অংশগ্রহণ নিয়ে গণজাগরণ মঞ্চের আহ্বায়ক এ কিউ এম সিরাজুল ইসলাম আরও বলেন, ‘আমরা অনেক দিন হতাশায় ছিলাম। এই যে শিশুদের উপস্থিতি, এতে আমরা আশাবাদী। আগামী দিনে তারা এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবে। তাদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত হবে।’সময় গড়ানোর সঙ্গে সঙ্গে গণজাগরণ মঞ্চে মানুষের ভিড় বাড়তে থাকে। তরুণ-তরুণী থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ সেখানে জড়ো হন। সন্ধ্যার পর চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) কর্মকর্তারা আন্দোলনকারীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন। কাদের মোল্লাসহ সব মানবতাবিরোধী অপরাধীর ফাঁসির দাবিতে নগরের চেরাগী পাহাড় মোড়ে মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। এ সময় নগর এবং উত্তর ও দক্ষিণ জেলা ইসলামী ফ্রন্টের নেতারা এতে যোগ দেন।