চট্টগ্রামের গণপরিবহনে নারী-শিশুর ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের কাঠগড় জিইএম কলোনির বাসিন্দা ফাতেমা তুজ জোহরা শিক্ষকতা করেন সিইপিজেড কলোনির একটি বেসরকারি বিদ্যালয়ে। পাশাপাশি পড়ছেন সরকারি একটি কলেজে।আগ্রাবাদের বনানী এলাকা থেকে ছেলে শাওন দাশকে জিইসির একটি বিদ্যালয়ে প্রতিদিন আনা-নেওয়া করেন রোজি বিশ্বাস। বিদ্যালয়ের কাছেই জেলা শিল্পকলা একাডেমী। একাডেমীর সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত তিনি। পড়ালেখা, চাকরি, শিশুকে বিদ্যালয়ে আনা-নেওয়াসহ প্রভৃতি কাজে ফাতেমা তুজ জোহরা এবং রোজি বিশ্বাসের মতো অনেক নারী ঘরের বাইরে প্রতিদিন বের হচ্ছেন। কর্মস্থলে, বিদ্যালয়, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে যাতায়াতের জন্য তাঁরা ব্যবহার করেন গণপরিবহন। কিন্তু গণপরিবহনগুলোতে নারী কিংবা শিশুদের জন্য কোনো সংরক্ষিত আসন না থাকায় যাতায়াতের ক্ষেত্রে চট্টগ্রামের অসংখ্য কর্মজীবী, শিক্ষার্থী নারী, শিশু ও প্রতিবন্ধীদের পোহাতে হচ্ছে দুর্ভোগ। গণপরিবহন ব্যবহারকারী এসব নারীর অভিযোগ, নারী ও শিশুদের জন্য স্বতন্ত্র বাস সার্ভিস এবং গণপরিবহনে সংরক্ষিত আসন না থাকাতেই ভোগান্তির শিকার হচ্ছে। এ ছাড়া বাসচালক, সহকারী (হেলপার) ও পুরুষ যাত্রীদের অসহযোগী মনোভাবের কারণেও তাঁদের বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে। নগরে বিভিন্ন রুটে চলা এসব গণপরিবহনে নারীদের জন্য অলিখিতভাবে চালকের আসনের পাশে, গাড়ির ইঞ্জিনের ওপর চার থেকে পাঁচটি আসনের ব্যবস্থা থাকলেও সমঅধিকারের দাবির কথা তুলে পুরুষ যাত্রীরা ওই সব আসনে বসেন। সরকারি সিটি কলেজের শিক্ষার্থী ফাতেমা তুজ জোহরা বলেন, পড়াশোনা, চাকরি সব কাজের জন্যই কর্মস্থলে যেতে হয় প্রায় প্রতিদিনই। স্বল্প খরচে যাতায়াতের জন্য বাস-টেম্পোই ভরসা। কিন্তু গণপরিবহনগুলোতে নারী যাত্রীদের ঝামেলা পোহাতে হয় অনেক বেশি। গৃহবধূ রোজি বিশ্বাস বলেন, অফিসে ও বিদ্যালয়ে যাওয়া-আসার সময়টাতে সব সময়ই ভিড় থাকে। ছেলেরা ঠেলাঠেলি করে বাসে উঠতে পারলেও নারীদের পক্ষে সম্ভব হয় না। চট্টগ্রাম মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের হিসাব মতে, বর্তমানে চট্টগ্রাম শহরের অভ্যন্তরে ১৪টি রুটে এক হাজার ৫৫টি বাসের চাহিদা রয়েছে। বাস মালিক সমিতি সূত্র জানায়, পাঁচটি বাস মালিক সমিতির তত্ত্বাবধানে ৭৯০টি বাস চলার কথা থাকলেও চলছে সাড়ে পাঁচ শতাধিক মতো বাস।অতিরিক্ত উপপুলিশ কমিশনার (যানবাহন) এস এম তানভীর আরাফাত বলেন, ইতিমধ্যেই যে বাসগুলো চলছে না, মালিকপক্ষকে কারণ দর্শনো নোটিশ দেওয়া হয়েছে। পরে বৈঠকের মাধ্যমে সেসব বাস বাতিল করে নতুন বাস চালুর সিদ্ধান্ত গ্রহণ করা হবে।চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের উপদেষ্টা আবুল কালাম আজাদ বলেন, প্রকৃতপক্ষে গণপরিবহনগুলোতে নারী ও শিশুদের জন্য সংরক্ষিত কোনো আসনের ব্যবস্থা নেই। সরকারি কোনো নির্দেশনাও নেই। নারীদের সুবিধার কথা ভেবেই চালকের পাশের আসনগুলো তাঁদের বসার ব্যবস্থা করা হয়েছে। তবে প্রতিবন্ধীদের জন্য চালকের পাশের দুটি আসন বরাদ্দ আছে।