চট্টগ্রামের গুণী ৯ নারীকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের এম এ আজিজ স্টেডিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন মুশতারী শফী l ছবি: প্রথম আলো
চট্টগ্রাম নগরের এম এ আজিজ স্টেডিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন মুশতারী শফী l ছবি: প্রথম আলো

একাত্তরের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা-পরবর্তী সময়ে প্রগতিশীল আন্দোলনে সব সময়ই সামনের সারিতে আছেন বেগম মুশতারী শফী। চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র জোবাইরা নার্গিস খান আছেন রাজনীতির ময়দানে। চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রীড়া সমিতির সাধারণ সম্পাদক শর্মিষ্ঠা রায় নেতৃত্ব দিচ্ছেন ক্রীড়াঙ্গনে। নারী শিক্ষার প্রসারে কাজ করে যাচ্ছেন চট্টগ্রামের মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ তহুরীন সবুর। সুবিধাবঞ্চিত মানুষের অধিকার আদায়ে লড়ছেন আইনজীবী জুবাইদা ছরওয়ার চৌধুরী।
সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এই পাঁচজনসহ নয় নারীকে সংবর্ধনা দিয়েছে সামাজিক সংগঠন চট্টগ্রাম ফ্ল্যামভিউ ক্লাব। শত প্রতিকূলতা পেরিয়ে উচ্চশিক্ষা অর্জন করায় বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে দৃষ্টিপ্রতিবন্ধী চার বোনকে। তাঁদের হাতে ক্রেস্ট ও উত্তরীয় তুলে দেন অতিথিরা। গতকাল শনিবার বিকেলে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম-সংলগ্ন মাঠে এ সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামের (ইউএসটিসি) বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালের সহকারী অধ্যাপক রেশমা ফিরোজ, দীপ্ত টেলিভিশনের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের প্রধান লতিফা আনসারী, কাস্টমস বন্ড কমিশনারেটের সহকারী রাজস্ব কর্মকর্তা রুখসানা বেগম এবং কর্মজীবী বাংলাদেশ রেলওয়ের সহকারী লোকোমাস্টার (সহকারী ট্রেনচালক) রেহানা আবেদীনকে সংবর্ধনা দেওয়া হয়।
বিশেষ সম্মাননা পাওয়া চার বোন হলেন উম্মে হাবিবা চৌধুরী, উম্মে সালিমা চৌধুরী, উম্মে তাসলিমা চৌধুরী ও উম্মে তানজিলা চৌধুরী। তাঁরা সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, নারীকে বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। তাঁরা নিজের যোগ্যতায় এগিয়ে যাচ্ছেন। কর্মস্থলে দক্ষতার পরিচয় দিচ্ছেন। শিক্ষা ক্ষেত্রে ছেলেদের তুলনায় এগিয়ে আছেন। তাঁদের সহায়তা করা সবার কর্তব্য।
অনুষ্ঠানের উদ্বোধক চট্টগ্রাম জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন বলেন, সমাজ ও পরিবারে নারীদের যে অবদান তার কোনো তুলনা নেই। এটি আর্থিক মূল্য দিয়ে বিচার করা যাবে না। দেশের অর্থনৈতিক উন্নয়নে পুরুষদের মতো নারীদেরও সমান অবদান রয়েছে।
সংগঠনের প্রধান উপদেষ্টা ইয়াসির আরাফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য শিরীণ আখতার, বেগম মুশতারী শফী, রেশমা ফিরোজ, শর্মিষ্ঠা রায়, লতিফা আনসারী, সংগঠনের সভাপতি এস এম জুনায়েদ প্রমুখ।
সংবর্ধিত অতিথিরা অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, এই স্বীকৃতি তাঁদের আগামী দিনে প্রেরণা হিসেবে কাজ করবে।
সংবর্ধিত উম্মে তানজিলা চৌধুরী দর্শকদের উদ্দেশে বলেন, ‘প্রতিবন্ধীদের অবহেলা করবেন না। তাদের বন্ধু ভাবুন। সহযোগিতা করুন। সবাই পাশে থাকলে তারা অনেক দূর এগিয়ে যাবে।’