চট্টগ্রামের গ্যাস সংকট নিরসনে চেম্বারের চিঠি
চট্টগ্রামের গ্যাস-সংকট নিরসনে জাতীয় গ্রিড থেকে সরবরাহ বাড়ানোর আহ্বান জানিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। গতকাল বৃহস্পতিবার জ্বালানি উপদেষ্টা, প্রতিমন্ত্রী ও পেট্রোবাংলার চেয়ারম্যান বরাবর পাঠানো চিঠিতে এই আহ্বান জানান চেম্বারের সভাপতি মাহবুবুল আলম।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, কয়েক দিন ধরে চট্টগ্রামে গ্যাস সরবরাহ কমে গেছে। গত সপ্তাহে চট্টগ্রামে ২৯০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হলেও ৪ নভেম্বর চট্টগ্রামে এসেছে ২৩৫ মিলিয়ন ঘনফুট গ্যাস। ফলে আবাসিক ও শিল্প খাতের গ্রাহকেরা চরম দুর্দশার শিকার হচ্ছেন। গ্যাসের অভাবে হাজার হাজার বাসাবাড়িতে রান্নার কাজে সমস্যা হচ্ছে।
চিঠিতে বলা হয়, চট্টগ্রামে বছরের পর বছর চাহিদার তুলনায় অর্ধেক গ্যাস সরবরাহের কারণে শিল্পায়ন বন্ধ রয়েছে। চলমান শিল্পকারখানাগুলোর অবস্থাও নাজুক। রেশনিংয়ের মাধ্যমে পরিস্থিতি কোনোরকমে সামাল দেওয়া হচ্ছে। এ পরিস্থিতিতে গ্যাসের পরিমাণ আরও কমে যাওয়ায় আবাসিক ও শিল্পসহ সবক্ষেত্রে অচলাবস্থার কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। বিদেশি ক্রেতাদের চাহিদামতো পণ্য রপ্তানির কাজ বাধাগ্রস্ত হচ্ছে। গ্যাসের সমস্যার সমাধান চেয়ে বারবার যথাযথ কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়েও পরিস্থিতির আশানুরূপ অগ্রগতি হয়নি। জরুরি ভিত্তিতে জাতীয় গ্রিড থেকে চট্টগ্রামে পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করতে যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার আহ্বান জানানো হয় চিঠিতে।