চট্টগ্রামের গ্যাসভিত্তিক সব বিদ্যুৎকেন্দ্র বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের গ্যাসভিত্তিক সব বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বন্ধ হয়ে গেছে। চাহিদা অনুযায়ী গ্যাসের সরবরাহ না থাকায় গত এক সপ্তাহের মধ্যে পর্যায়ক্রমে এসব বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয় বলে জানা গেছে। এসব কেন্দ্রের মোট উৎপাদনক্ষমতা ৬৪০ মেগাওয়াট। এসব কেন্দ্র একযোগে বন্ধ থাকায় চট্টগ্রামের বিদ্যুৎ সরবরাহব্যবস্থা কেবল কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্রের (কাপ্তাই) ওপরই নির্ভরশীল হয়ে পড়েছে।জানা গেছে, গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোয় উৎপাদন বন্ধ থাকায় শীতের আগমনী সময়ও চট্টগ্রামে ঘণ্টায় ঘণ্টায় বিদ্যুতের লোডশেডিং চলছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) তথ্য অনুযায়ী, প্রতিদিন গড়ে লোডশেডিং হচ্ছে ২৮০ থেকে ৩০০ মেগাওয়াট।চট্টগ্রাম পিডিবি সূত্রে জানা গেছে, চট্টগ্রামে বিদ্যুতের চাহিদা প্রায় ৬৫০ মেগাওয়াট। গতকাল সোমবার সন্ধ্যায় বিদ্যুতের সর্বোচ্চ চাহিদার সময় কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিটে উৎপাদন ছিল ২২০ মেগাওয়াট। এ ইউনিটগুলোর এটাই সর্বোচ্চ উৎপাদনক্ষমতা। এ ছাড়া বেসরকারি রিজেন্ট পাওয়ার থেকে ২২ মেগাওয়াট এবং রেন্টাল থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যায়। এর বাইরে জাতীয় গ্রিড থেকে দিনে ১২০ ও রাতে ৮০-৯০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়। চট্টগ্রামের গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী শিবু কুমার চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘এ মুহূর্তে আমাদের জন্য কোনো গ্যাস নেই। কর্ণফুলী গ্যাস কোম্পানির লোকজন বলছেন, চট্টগ্রামের ইউরিয়া সার কারখানা পুরোপুরি চালু হওয়ার পর গ্যাস সরবরাহ কমিয়ে বিদ্যুৎকেন্দ্রগুলোতে দেওয়া হবে।’জানা গেছে, চট্টগ্রামে তিনটি গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র রয়েছে। এগুলো হচ্ছে রাউজান তাপবিদ্যুৎকেন্দ্র (৪২০ মেগাওয়াট), শিকলবাহা তাপবিদ্যুৎকেন্দ্র (৬০ মেগাওয়াট) ও পিকিং পাওয়ার প্লান্ট (১৬০ মেগাওয়াট)। বোরো মৌসুম সামনে রেখে ইউরিয়া উৎপাদন শুরু করতে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি (কেজিডিসি) বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ বন্ধ রেখে চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা (সিইউএফএল) ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানিতে (কাফকো) সরবরাহ করছে।সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম খান বলেন, ‘আজ মঙ্গলবার ভোর থেকে সিইউএফএলে ইউরিয়া উৎপাদন পুরোদমে শুরু হচ্ছে। এর আগে আমরা অ্যামোনিয়া উৎপাদন করেছি।’