চট্টগ্রামের গ্রামীণ এলাকায় সাক্ষরতার হার কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সাত বিভাগের মধ্যে চট্টগ্রামের গ্রামীণ এলাকায় সাক্ষরতার হার সবচেয়ে কম। এ হার ৪৫ দশমিক ৪ শতাংশ। সাক্ষরতার হার সবচেয়ে বেশি বরিশাল বিভাগের গ্রামীণ এলাকায়, যা ৫৭ দশমিক ৩ শতাংশ। গ্রামীণ এলাকার বাইরে মেট্রোপলিটন শহর ও পৌরসভায় এ হার যথাক্রমে ৬৩ দশমিক ৩ শতাংশ ও ৫৬ দশমিক ৫ শতাংশ। 

বেসরকারি সংস্থা ‘গণসাক্ষরতা অভিযান’-এর এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে গণসাক্ষরতা অভিযান ও ব্র্যাক যৌথভাবে এ মতবিনিময় সভার আয়োজন করে। সহযোগিতায় করে ইউরোপীয় ইউনিয়ন। মতবিনিময় সভায় গবেষণা প্রতিবেদন ‘এডুকেশন ওয়াচ-২০১৬’ প্রকাশ করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী।
সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিভাগের স্থানীয় সরকার পরিচালক দীপক চক্রবর্তী বলেন, সাক্ষরতার হারে চট্টগ্রাম বিভাগ পিছিয়ে আছে। এটি চিন্তার বিষয়। এ বিভাগে পার্বত্যাঞ্চল ও দ্বীপাঞ্চল রয়েছে। এগুলো অনেক প্রত্যন্ত এলাকায় অবস্থিত। এখানে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার অনেক বেশি। শিক্ষার্থীদের ঝরে পড়ার কারণ খুঁজে বের করতে হবে এবং এ উত্তরণের জন্য সম্মিলিতভাবে কাজ করতে হবে।
রাশেদা কে চৌধূরী বলেন, সংবিধানে একটি ধারার শিক্ষার কথা বলা হয়েছে। কিন্তু এখানে মোটা দাগে তিন ধারার শিক্ষা (বাংলা ও ইংরেজি মাধ্যম, মাদ্রাসা) বিদ্যমান। আবার এখানে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান কোনো রকম জবাবদিহি ছাড়াই পরিচালিত হচ্ছে। তাদের আয়ের উৎস কী তা স্পষ্ট নয়। বিশ্বের কোথাও এভাবে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হয় না। সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্দিষ্ট আইনি কাঠামোর মধ্যে নিয়ে আসতে হবে। এ জন্য রাজনৈতিক নেতৃত্বকে একমত হতে হবে।
সভায় গবেষণা প্রতিবেদনের তথ্য-উপাত্ত ও নীতি-সংক্রান্ত সুপারিশমালা উপস্থাপন করেন গণসাক্ষরতা অভিযানের উপপরিচালক কে এম এনামুল হক। জরিপে অংশ নেন ১১ হাজার ২৮০ জন। যার মধ্যে ৫৩ দশমিক ৬ শতাংশ ছিল নারী।
প্রতিবেদনে বলা হয়, ২০০২ সালে পুরুষদের সাক্ষরতার হার ছিল ৪৭ দশমিক ৬ শতাংশ। ২০১৬ সালে এ হার বেড়ে দাঁড়ায় ৫৪ শতাংশে। নারীর ক্ষেত্রে এ হার ২০০২ সালে ছিল ৩৫ দশমিক ৪ শতাংশ এবং ২০১৬ সালে ৪৯ শতাংশ। বিভিন্ন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় মুঠোফোন। জরিপে অংশ নেওয়া ৭৮ দশমিক ৫ শতাংশ মানুষ মুঠোফোন ব্যবহার করে। টেলিভিশন ব্যবহার করেন ৬২ দশমিক ১ শতাংশ, রেডিও ৬ দশমিক ৫ শতাংশ ও কম্পিউটার ব্যবহার করে ৪ দশমিক ১ শতাংশ।
গবেষণা প্রতিবেদনে সুপারিশ করা হয়, বিদ্যালয়ভিত্তিক শিক্ষার মান অবশ্যই উন্নত করতে হবে, মাধ্যমিক স্তরে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণে অংশগ্রহণের হার বাড়াতে হবে, ইন্টারনেট ব্যবহার বৃদ্ধির মাধ্যমে শিক্ষার বিস্তার ঘটানোর সব সম্ভাবনাকে সুযোগ হিসেবে কাজে লাগাতে হবে এবং সাক্ষরতা, দক্ষতা উন্নয়ন এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে ব্যাপক বৈষম্য অবশ্যই দূর করতে হবে।
সভায় বক্তব্য দেন বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (বাকবিশিস) সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর, সচেতন নাগরিক কমিটির (সনাক) চট্টগ্রামের আহ্বায়ক দেলোয়ার মজুমদার, শিক্ষাবিদ আনোয়ারা আলম, চট্টগ্রাম মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ বি এম শরিফুল ইসলাম প্রমুখ।