চট্টগ্রামের চকবাজারে সকালে হঠাৎ সড়ক অবরোধ, ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে পরিবহনশ্রমিকদের আকস্মিক সড়ক অবরোধের কারণে চরম দুর্ভোগে পড়েন এসএসসি পরীক্ষার্থী, তাদের অভিভাবক ও অফিসগামী লোকজন। সকাল সোয়া নয়টার দিকে চকবাজার প্যারেড কর্নার মোড় থেকে চার চাকার ছোট যাত্রীবাহী গাড়ি সরানো নিয়ে পরিবহনশ্রমিকদের সঙ্গে পুলিশের বাগ্বিতণ্ডা হয়। এর জের ধরে পরিবহনশ্রমিকেরা কয়েকটি গাড়ি রাস্তায় আড়াআড়িভাবে রেখে প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, এসএসসি পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে প্যারেড কর্নার থেকে চার চাকার ছোট যাত্রীবাহী গাড়ি সরিয়ে নিতে বলে পুলিশ। এতে আপত্তি জানান পরিবহনশ্রমিকেরা। একপর্যায়ে দুই পক্ষে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে পরিবহনশ্রমিকেরা গাড়ি চকবাজার অভিমুখী সড়কে আড়াআড়িভাবে রেখে যান চলাচলে বাধা সৃষ্টি করে।
স্থানীয় বাসিন্দারা বলেন, সড়ক অবরোধের কারণে এসএসসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকেরা ভোগান্তির শিকার হন। অনেকে হেঁটে বা গাড়ি বদল করে পরীক্ষার কেন্দ্রে পৌঁছান।
চকবাজারের পাশের এলাকা দেওয়ান বাজার এলাকার বাসিন্দা রহিম উল্লাহ বলেন, তিনি তাঁর সন্তানকে পরীক্ষাকেন্দ্রে নিয়ে যাওয়ার সময় চকবাজারের প্যারেড কর্নারে বাধা পান। রাস্তায় গাড়ি ফেলে রাখার কারণে যান চলাচল বন্ধ ছিল। পরে হেঁটে কিছু দূর গিয়ে আরেকটি গাড়ি ভাড়া করে ওয়াসা মোড়ের বাওয়া স্কুল কেন্দ্রে যান।
অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) দেবদাস ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, প্যারেড কর্নারে গাড়িস্ট্যান্ডের কারণে চকবাজার মোড়ে যানজট হচ্ছে। পরীক্ষার্থীদের সুবিধার্থে গাড়ি সরানোর জন্য পরিবহনশ্রমিকদের বলা হয়েছিল। উল্টো পরিবহনশ্রমিকেরা রাস্তা অবরোধ করেন। অবরোধের স্থায়িত্ব কয়েক মিনিট ছিল। বিষয়টি স্থায়ী সমাধানের জন্য সব পক্ষকে নিয়ে আলোচনায় বসা হবে।
চকবাজার থানা পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, প্রায় আধা ঘণ্টা অবরোধের স্থায়িত্ব ছিল। অবরোধকারী পরিবহনশ্রমিকেরা নিজেদের সরকারি দলের লোক হিসেবে পরিচয় দিয়ে পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের অনুরোধে অবরোধ সরানো হয়।