চট্টগ্রামের চাক্তাইয়ে আগুনে দেড় কোটি টাকার সম্পদের ক্ষতি
চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন অন্যতম প্রধান বাণিজ্যকেন্দ্র চাক্তাইয়ের নতুন চাক্তাই এলাকায় আগুনে চারটি চালের গুদামসহ ২৩টি দোকান ও গুদাম পুড়ে গেছে। গত শনিবার দিবাগত রাতে আগুনের সূত্রপাত বলে জানা গেছে। গতকাল রোববার সকালে প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে। দমকল বাহিনী সূত্র জানায়, গত শনিবার রাত দুইটার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে নতুন চাক্তাইয়ের লাকীরপুল এলাকায় আগুনের সূত্রপাত হয়। সেখানে চটের বস্তা ও চারকোলের কয়েকটি দোকান থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের খবর পেয়ে দমকল বাহিনীর আগ্রাবাদ, চন্দনপুরা, নন্দনকানন ও লামার বাজার ইউনিটের মোট ১০টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর গতকাল সকাল ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। গতকাল রোববার সকালে সরেজমিনে দেখা যায়, আগুনে আধা পাকা ও কাঁচা ঘরগুলোর টিনের ছাদ ধসে গেছে। দোকান ও গুদামে থাকা মালামালের বেশির ভাগ পুড়ে গেছে। দমকল সূত্র জানায়, আগুনে চারটি চালের আড়ত, দুটি ভুসির দোকান, ১০টি বস্তার দোকান, দুটি লাকড়ির দোকান, একটি মুদি দোকান, একটি সেলুন, একটি পশুখাদ্যের দোকান, একটি সারের দোকান ও একটি খালি দোকান পুড়ে গেছে।আগুনে পুড়ে যাওয়া একটি ভুসির দোকানের মালিক জানে আলম বলেন, ‘গভীর রাতে আগুন লাগে। ভুষি ও চটের বস্তার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। কিছুই রক্ষা করা যায়নি।’দমকল বাহিনীর চট্টগ্রাম অঞ্চলের উপসহকারী পরিচালক সুভাষ চন্দ্র দেব প্রথম আলোকে বলেন, ‘আগুনে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তবে আগুনে কেউ হতাহত হয়নি।’