চট্টগ্রামের চার কাঁচাবাজারে অভিযান জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
র‍্যাবের সহযোগিতায় চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত নগরের রাজাখালী এলাকায় মুড়ি ও সেমাইয়ের কারখানায় অভিযান চালান। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো
র‍্যাবের সহযোগিতায় চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত নগরের রাজাখালী এলাকায় মুড়ি ও সেমাইয়ের কারখানায় অভিযান চালান। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো

পণ্যে ভেজাল মেশানো, বেশি দামে বিক্রি ও মূল্যতালিকা না টাঙানোয় চট্টগ্রাম নগরের চার কাঁচাবাজারে অভিযান চালিয়ে ২৭ প্রতিষ্ঠানকে ২ লাখ ৬২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার রাজাখালী এলাকার চাক্তাই বাজার, আগ্রাবাদের কর্ণফুলী বাজার, উত্তর কাট্টলীর কর্নেলহাট বাজার ও বহদ্দারহাট বাজারে এসব অভিযান চালানো হয়।
চাক্তাই বাজারে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান। তাঁর সঙ্গে ছিলেন আরও দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলী ও তানিয়া মুন। অভিযানে মুড়িতে ক্ষতিকর লবণ ব্যবহার করার কারণে তিনটি প্রতিষ্ঠানকে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
মূল্যতালিকা না টাঙানো এবং বেশি দামে পণ্য বিক্রি করায় বহদ্দারহাট বাজারে আট প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা, কর্ণফুলী বাজারে ১১টি প্রতিষ্ঠানকে ৪৯ হাজার টাকা ও কর্নেলহাট বাজারে পাঁচটি প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়। এসব অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মনসুর, মো. ফোরকান এলাহী অনুপম ও মো. আনিসুল ইসলাম।
চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন প্রথম আলোকে বলেন, বাজার তদারকিতে জেলা প্রশাসন থেকে একাধিক দল করা হয়েছে। তারা রোজার মাসে প্রতিদিনই নগরের বিভিন্ন বাজারে অভিযান চালাবে।