চট্টগ্রামের চার সরকারি কলেজ চলছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের চার সরকারি কলেজে অধ্যক্ষের পদ খালি রয়েছে। এ পদের দায়িত্বে রয়েছেন চার ভারপ্রাপ্ত অধ্যক্ষ। এসব কলেজে নিয়োজিত অধ্যক্ষেরা অবসরে চলে যাওয়ার কারণে পদগুলো খালি হয়ে যায়।
কলেজগুলো হলো চট্টগ্রাম সরকারি কলেজ, চট্টগ্রাম সরকারি হাজী মুহম্মদ মুহসীন কলেজ, চট্টগ্রাম সরকারি সিটি কলেজ এবং চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ। তবে শিক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যেই অধ্যক্ষ পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে বলে জানা গেছে। যোগ্য শিক্ষক যাচাই-বাছাইয়ের পর নিয়োগ দেওয়া হবে।
এ প্রসঙ্গে চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আইয়ুব ভূঁইয়া প্রথম আলোকে বলেন, নগরের সরকারি কলেজগুলো একটি নির্দিষ্ট মান বজায় রেখে পরিচালিত হয়। এখানে অধ্যক্ষ পদে দায়িত্ব পালনকারী শিক্ষককে যথেষ্ট দক্ষ, অভিজ্ঞ এবং দায়িত্বশীল হতে হয়। তাই অধ্যক্ষ হিসেবে নিয়োগের জন্য যোগ্য লোক যাচাই-বাছাইয়েও সময়ের প্রয়োজন হয়। সরকার অধ্যক্ষ হতে আগ্রহীদের কাছ থেকে আবেদনপত্র জমা নিয়েছে।
জানা যায়, চট্টগ্রাম সরকারি কলেজে অধ্যক্ষের পদ শূন্য হয়েছে গত ১৫ ফেব্রুয়ারি। সরকারি হাজী মুহম্মদ মুহসীন কলেজে ২১ জুলাই, সিটি কলেজে ৯ অক্টোবর এবং কমার্স কলেজে ১ অক্টোবর অধ্যক্ষের পদ শূন্য হয়ে যায়।
সরকারি হাজী মুহম্মদ মুহসীন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলমগীর চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘অধ্যক্ষের পদ খালি থাকা সত্ত্বেও নিয়মতান্ত্রিকভাবে কলেজ পরিচালনার দায়িত্ব সুষ্ঠুভাবে চালিয়ে যাচ্ছি। তবে মাঝেমধ্যে কাজের চাপ অনুভব হয়। কারণ, একই সঙ্গে প্রশাসনিক কাজ, পাঠদান, বিভিন্ন অনুষ্ঠানে যোগদান ইত্যাদি ক্ষেত্রে সমন্বয় সাধন করতে হয়।’
একই কথা বলেছেন সরকারি কমার্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আইয়ুব ভূঁইয়া।