চট্টগ্রামের চারটি রোগনির্ণয় কেন্দ্রকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের জামালখান এলাকায় একটি রোগনির্ণয় কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালতের অভিযান l প্রথম আলো
চট্টগ্রামের জামালখান এলাকায় একটি রোগনির্ণয় কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালতের অভিযান l প্রথম আলো

রোগীদের রক্তের নমুনা সংগ্রহ করার দায়িত্বে থাকা ব্যক্তির এ-সংক্রান্ত প্রাতিষ্ঠানিক কোনো সনদ নেই। আবার রোগনির্ণয়ের জন্য ব্যবহার করা হচ্ছে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট (শনাক্তকরণ রাসায়নিক পদার্থ)। এ রকম বিভিন্ন অনিয়মের দায়ে চট্টগ্রাম নগরের জামালখান এলাকার চারটি রোগনির্ণয় কেন্দ্রকে সাড়ে ১৭ লাখ টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমবার দুপুরে এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। তাঁকে সহায়তা করেন চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় ও ওষুধ প্রশাসনের কর্মকর্তারা।
র্যাব জানায়, অভিযানে রোগনির্ণয় কেন্দ্র সেনসিভকে ১০ লাখ টাকা, চিটাগাং বেলভিউ লিমিটেডকে ৫ লাখ টাকা, ডায়াসনিক ডায়াগনস্টিক কমপ্লেক্স লিমিটেডকে ২ লাখ টাকা এবং ল্যাব এক্সপার্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রথম আলোকে বলেন, রোগনির্ণয় কেন্দ্রগুলোতে দক্ষ ও প্রশিক্ষিত জনবল নেই। এ ছাড়া রোগনির্ণয়ের বিভিন্ন পরীক্ষায় মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার করা হচ্ছে। এসব কারণে চারটি রোগনির্ণয় কেন্দ্রকে আর্থিক জরিমানা করা হয়েছে।
অভিযানে রোগনির্ণয় কেন্দ্র সেনসিভে প্রবেশ করেই রক্তের নমুনা সংগ্রহের দায়িত্বে থাকা ব্যক্তির শিক্ষাগত যোগ্যতা জানতে চান সারওয়ার আলম। ওই ব্যক্তি তাঁকে জানান, তিনি মানবিক বিভাগ থেকে এসএসসি পাস করেছেন। এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট কেন্দ্রের পরীক্ষাগারগুলো ঘুরে মেয়াদোত্তীর্ণ রাসায়নিক ব্যবহারের প্রমাণ পান। সেনসিভের ব্যবস্থাপক সুকুমার চক্রবর্তী এবং দায়িত্বরত চিকিৎসকেরা এ ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারেননি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেনন, বেলভিউ লিমিটেডের পাঁচজন টেকনিশিয়ানের কেউই এসএসসির গণ্ডি পেরোতে পারেননি। তা ছাড়া তাঁরা পড়াশোনা করেছেন মানবিক বিভাগে। ডায়াসনিকেরও দক্ষ জনবল নেই এবং এই রোগনির্ণয় কেন্দ্রের লাইসেন্স নবায়ন করা হয়নি। অবশ্য ল্যাব এক্সপার্টের অবস্থা মন্দের ভালো। কিন্তু সেখানেও দক্ষ ও প্রশিক্ষিত জনবলের অভাব রয়েছে।
জানতে চাইলে চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালনাধীন ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির অধ্যক্ষ মোহাম্মদ আলী বলেন, টেকনিশিয়ানদের অবশ্যই সার্টিফিকেটধারী হতে হবে। না হলে রোগনির্ণয়ে ভুলভ্রান্তির আশঙ্কা রয়েছে। আর রোগনির্ণয় পরীক্ষার বিষয় বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর হওয়ায় টেকনিশিয়ানদের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হতে হবে। ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের টেকনিশিয়ান হওয়ার প্রশ্নই ওঠে না।