ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার আয়োজিত ‘অদম্য চট্টগ্রাম’ উৎসবে ‘চিরায়ত চট্টগ্রাম’ শীর্ষক প্রদর্শনীর নিদর্শনগুলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরের কাছে হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নিদর্শন হস্তান্তর অনুষ্ঠানে দ্য ডেইলি স্টার-এর সম্পাদক মাহ্ফুজ আনাম বলেন, ‘শিক্ষাজীবন হচ্ছে জীবনের সবচেয়ে মূল্যবান সময়। এ বয়স হচ্ছে সৃজনশীল কিছু করার বয়স। শিক্ষার্থীদেরই বিশ্বের মানচিত্রে দেশ ও জাতিকে তুলে ধরতে হবে।’ সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম বলেন, জাদুঘরে সংরক্ষিত নিদর্শনসমূহ সভ্যতার ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষ্য বহন করে এবং সভ্যতা ও সংস্কৃতির অতীত, বর্তমান ও ভবিষ্যতের মধ্যে সেতুবন্ধ রচনা করে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মো. আলাউদ্দিন এবং বিশ্ববিদ্যালয় জাদুঘরের পরিচালক ইমরান হোসেন ও ইতিহাস গবেষক শামসুল হোসাইন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আবদুল মান্নান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আজগর চৌধুরী, প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেন, সিন্ডিকেট সদস্য সুলতান আহমেদ প্রমুখ।