চট্টগ্রামের জন্মান্ধ চার বোনের রোগ শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়ার জন্মান্ধ চার বোন ‘লিবার কনজেনিটাল অ্যামারোসিস’ নামের রোগে আক্রান্ত। বিদেশের কয়েকটি পরীক্ষাগারে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা এই তথ্য জানিয়েছেন। তাঁদের দাবি, বাংলাদেশে প্রথমবারের মতো এই রোগে আক্রান্ত রোগী শনাক্ত করা গেছে।

গতকাল মঙ্গলবার চট্টগ্রাম নগরের জামালখানের সিনিয়র ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দুই চিকিৎসক।

জন্মান্ধ তিন বোন সম্পর্কে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর বিষয়টি সুইজারল্যান্ডের লুসান ইউনিভার্সিটি হাসপাতালের মলিকুলার ডায়াগনস্টিক ল্যাবরেটরির প্রধান জহিরুল আলম ভূঁইয়ার নজরে আসে। এরপর তিনি ওই চার বোনের রোগ শনাক্ত করতে চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যাপক ও বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মাহমুদের সহযোগিতা নেন।

সংবাদ সম্মেলনে জহিরুল আলম ভূঁইয়া বলেন, ‘সিঙ্গাপুরের পরীক্ষাগারে ২৩ হাজার জিন স্ক্রিনিং করার পর এসপিএটিএ-৭ নামের জিন শনাক্ত করি। এই জিন চোখের রেটিনা থেকে মস্তিষ্কে সংকেত দেওয়ার ক্ষমতা নষ্ট করে দেয়।’ তিনি আরও বলেন, ওই চার বোনের বাবা-মা আপন খালাতো ভাইবোন। ওই চার বোন মা-বাবার কাছ থেকে ওই জিন পেয়েছেন। ওই জিনের কারণে চার বোন জন্ম থেকেই কিংবা জন্ম নেওয়ার দুই মাসের মধ্যে অন্ধ হয়ে যান।

অধ্যাপক নাসির উদ্দিন মাহমুদ বলেন, ‘ছয় মাস ধরে পরীক্ষা-নিরীক্ষার পর আমরা চার বোনের লিবার কনজেনিটাল অ্যামারোসিস শনাক্ত করতে পেরেছি। তাঁদের পরিবারের সাতজনের রক্তের নমুনা সুইজারল্যান্ডে পাঠিয়েছিলাম।’ তিনি আরও বলেন, প্রথমবারের মতো বাংলাদেশে এই রোগ শনাক্ত করা গেছে। ভারত ও পাকিস্তানে আগে এই ধরনের রোগী পাওয়া গেছে। তিনি বলেন, বাংলাদেশে এই ধরনের রোগী হয়তো আরও আছে। তবে তা শনাক্ত হয়নি।

চিকিৎসকেরা বলেন, রোগটির চিকিৎসাপদ্ধতি এখনো আবিষ্কার হয়নি।

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মো. আল ফোরকান বলেন, ঝুঁকি এড়াতে বিয়ের আগে হবু বর-কনের কিছু পরীক্ষা-নিরীক্ষা করা দরকার।

সংবাদ সম্মেলনে জন্মান্ধ তিন বোনের একজন উম্মে তাসলিমা চৌধুরী বলেন, ‘আমরা অন্ধত্বকে জয় করেছি। তবে রোগ শনাক্ত হওয়াটা পরবর্তী প্রজন্মের জন্য কাজ দেবে।’