চট্টগ্রামের জলাবদ্ধতা দূর করতে দরকার সমন্বিত উদ্যোগ
২২ জুলাই ২০১৭, প্রথম আলোর আয়োজনে ‘জলাবদ্ধতার যন্ত্রণা থেকে মুক্তি কবে?’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত আলোচকদের বক্তব্য সংক্ষিপ্ত আকারে এই ক্রোড়পত্রে প্রকাশিত হলো

আলোচনা
আব্দুল কাইয়ুম
জলাবদ্ধতা দূরীকরণে চট্টগ্রাম একটি আদর্শ হিসেবে দাঁড়ালে ঢাকাসহ অন্যান্য শহর এ থেকে শিক্ষা নিতে পারবে। ঢাকায় দুই ঘণ্টার বৃষ্টি হলে অনেক রাস্তা আটকে যায়। এখন সেখানে মেয়র বলেন, এটা ওয়াসার ব্যর্থতা। ওয়াসা বলে, তাদের নয়, সরকারের ব্যাপার আছে। এই বিষয়গুলো আলোচনায় আসছে।
প্রবল বৃষ্টিতে খুলনা শহরও ভেসে গেছে। সারা দেশে এ সমস্যা হচ্ছে। এ থেকে কীভাবে উত্তরণ সম্ভব? এই সমস্যার সমাধান করতে হলে জনসংখ্যাও নিয়ন্ত্রণ করতে হবে। না হলে অপরিকল্পিত বসতি বাড়তে থাকবে। পাহাড় কাটা বন্ধ করতে হবে। বৃষ্টি হলে পাহাড়ের মাটি ও বালু খাল ও নালা-নর্দমায় গিয়ে ভরাট হয়ে যায়। পানিনিষ্কাশন–ব্যবস্থা বাধাগ্রস্ত হয়। ১৯৯৫ সালে চট্টগ্রাম নগর মহাপরিকল্পনা হয়েছিল। মেয়ররা এটি উল্টে দেখেছেন কি না, এটা বাস্তবায়নের জন্য সরকারের কাছে টাকা চেয়েছেন কি না, এসব বিষয় নিয়েই এই আলোচনা।
লাজ্জাত এনাব মহছি
সব বিভাগীয় ও বড় বড় জেলা শহরে জলাবদ্ধতা হচ্ছে। তবে এ সমস্যা চট্টগ্রামে একটু বেশি। কিছুদিন আগে এক ভদ্রমহিলা ফোন করে জানতে চেয়েছেন, আমি তো চট্টগ্রামে যাব, ওই দিন কি জলাবদ্ধতা থাকবে?
চট্টগ্রাম অনেক দিক থেকে গুরুত্বপূর্ণ। চট্টগ্রামকে আমরা বাণিজ্যিক রাজধানী বলি, বন্দর আছে। আমরা মনে করি, চট্টগ্রাম যদি পিছিয়ে পড়ে, তাহলে দেশটা পিছিয়ে পড়বে। চট্টগ্রামের যেকোনো ইস্যুতে প্রথম আলো পাশে থাকবে।

ফাতেমা শারমিন, শিক্ষক
দুই যুগ ধরে আমি আগ্রাবাদ মহিলা কলেজে শিক্ষকতা করছি। কয়েক বছর ধরে প্রাকৃতিক দুর্যোগের কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছি। অমাবস্যা, পূর্ণিমা দেখে আমরা কলেজ ছুটি দিয়ে দিই। প্রতিদিন একটার মধ্যে ছুটি দিতে হয়। কারণ জোয়ার আসে। জোয়ারের সঙ্গে বৃষ্টি হলে পানি আর নামে না। শিক্ষাপ্রতিষ্ঠান, বাসাবাড়ির নিচতলা ডুবে যাচ্ছে। পানির মধ্যে চলতে হয়। খুবই করুণ দশা। শুধু আমাদের কলেজ নয়, অন্যান্য প্রতিষ্ঠানও জলাবদ্ধতার কারণে সমস্যায় পড়ছে। শিক্ষাজীবন ও জনজীবন বিপর্যস্ত হওয়ার পথে। এভাবে আর কত দিন চলব?

ছৈয়দ ছগীর আহমদ, ব্যবসায়ী
চাক্তাই, খাতুনগঞ্জ অর্থনীতির চালিকাশক্তি। সরকারকে আমরা রাজস্ব দিচ্ছি। খালের পারে বাকলিয়ায় আমার জন্ম। আগে ১৫-২০ দিন বৃষ্টি হলেও এভাবে পানি জমে থাকত না। তখন চারপাশে খোলা জায়গা ছিল। মাস্টারপ্ল্যান হয়েছে। কিন্তু কতটা বাস্তবায়িত হয়েছে?
বাণিজ্য নগরকে কীভাবে রক্ষা করা হবে? অনেক ব্যবসাপ্রতিষ্ঠান ঢাকায় চলে গেছে। যারা এখানে আছে তাদের অবস্থা করুণ।
ব্যবসায়ীরা জলাবদ্ধতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আমাদের টাকা তো ব্যাংকের টাকা। এখনো অনেকে ’৯১–এর ঘূর্ণিঝড়ের ক্ষতি পুষিয়ে উঠতে পারেনি। ১৯৭২ সালে আমাদের বাজেট ছিল ৭২০ কোটি টাকা। চার লাখ কোটি টাকার বাজেট। এটা ব্যবসায়ীদের অবদান।
মেয়র, সিডিএ, বন্দর, পানি উন্নয়ন বোর্ডসহ সব দপ্তরের প্রতিনিধিকে বলব, আগে খাল উদ্ধার করেন। কর্ণফুলী ড্রেজিং করেন। খালগুলোকে আগের পর্যায়ে আনা গেলে আমরা পরীক্ষায় উত্তীর্ণ হব। অনেক ভবন খালের ওপর। অবৈধ দখল ঠেকাতে হবে। প্রয়োজনে ১৪৪ ধারা জারি করে অবৈধ দখলদারদের উচ্ছেদ করেন।
মানুষ সচেতন হয়নি। মেয়র সাহেব আমাদের ঘরে ঘরে ডাস্টবিন দিয়েছেন। এগুলোতে কেউ চাল রাখি, কেউ ডাল রাখি। আমি অনেককে বলি, ভাই, খালের মধ্যে ময়লা ফেলো না।
এখন সিডিএ প্রকল্প নিয়েছে। কালুরঘাট থেকে চাক্তাই পর্যন্ত রোড হবে। চাক্তাই ও রাজাখালী খালে স্লুইসগেটসহ রোড হবে। কবে হবে জানি না।
প্রধানমন্ত্রী বলেছেন প্রকল্প নিতে। উনি চট্টগ্রামের দায়িত্ব নিয়েছেন। উনি একনেকে পাস করে দেবেন। আপনারা প্রকল্প নিয়ে দেন উনাকে। উনি পাস করিয়ে দেবেন।

শাহরিয়ার খালেদ, সমাজকর্মী
চাক্তাই খালকে চট্টগ্রামের দুঃখ বলা হতো। আমাদের অভিজ্ঞতা রয়েছে, সমীক্ষা রয়েছে। আমরা দেখেছি, চট্টগ্রামের জলাবদ্ধতা সমাধানযোগ্য। আমরা দীর্ঘদিন থেকে পরিকল্পনাহীন কাজ করেছি। অ্যাডহক ভিত্তিতে কাজ করেছি।
নগরের গৃহস্থালির বর্জ্য, বাজারের বর্জ্য, কমিউনিটি সেন্টারের বর্জ্য খালগুলোতে পড়ছে। দীর্ঘদিন পর ঘরে ঘরে বিন দেওয়া হয়েছে কিছু এলাকায়। কিন্তু বিনের ব্যবহার হয় না। কারণ, বর্জ্যগুলো কারা সংগ্রহ করবেন, তার কোনো নির্দেশনা নেই।
খালগুলোর তলদেশ ভরাট হয়ে গেছে। নাব্যতা হারিয়েছে। চাক্তাই খালের তলা যখন পাকা করা হয়, তখন আমরা বিরোধিতা করেছিলাম। তখনই খালটি নষ্ট হয়ে গেছে। একসময় চাক্তাই খাল দিয়ে বহদ্দারহাট ও চকবাজারে নৌকা চলত। স্পিডবোটে গ্রাম থেকে শহরে যাওয়া–আসা করতেন বিত্তবান ব্যক্তিরা। খালগুলো সচল হলে আবার যদি নৌচলাচল করে, তাহলে নগরের যানজটও কমবে।
জলাবদ্ধতার কারণে শ্রমঘণ্টা নষ্ট হচ্ছে। রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাইকারি বাজারের গুদামে মালামাল নষ্ট হচ্ছে। একসময় চট্টগ্রাম শহরে ১৫ হাজার পুকুর, জলাশয় ছিল। এখন অনেক ভরাট হয়ে গেছে।
কর্ণফুলী বাংলাদেশের লাইফলাইন। কর্ণফুলীকে বন্দরের স্বার্থেই সচল রাখতে হবে। খালগুলো উদ্ধার করতে হবে।
আমাদের এখানে চার ধরনের পানি যুক্ত হয়ে জলাবদ্ধতা হয়। নদীর জোয়ার, কাপ্তাই বাঁধের পানি, বৃষ্টি ও ব্যবহার্য পানির সমন্বয়ে জলাবদ্ধতা হয়। গত এক শ বছরে এখানে ভূমির উচ্চতা নির্ধারণ করা হয়নি। যার কারণে কোথায় কোন উচ্চতায় ভবন হবে, সে বিষয়ে কোনো নির্দেশনা নেই।

আয়শা আখতার, অধ্যাপক
২০০৫ সালে চুয়েটে শিক্ষকতা শুরু করার পর থেকে পানিসম্পদ নিয়ে কাজ করে আসছি। সাধারণত মে থেকে জুলাই পর্যন্ত বর্ষা মৌসুম। তবে কিছু কিছু ক্ষেত্রে আগস্টেও এর প্রভাব থাকে। ১৯৬১ থেকে ২০১৬ সাল পর্যন্ত তথ্য-উপাত্ত নিয়ে দেখা গেছে, বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ ৩ হাজার মিলিমিটার। এর কিছু কমবেশি হয়। আগে অনেক বৃষ্টি হলে তা মাটি শোষণ করে নিত কিন্তু এখন সেই সুবিধা পাওয়া যাচ্ছে না। অনেক জায়গায় স্থাপনা তৈরি হয়ে গেছে। চট্টগ্রাম নগরের জলাবদ্ধতার এখন যে হার, ২০০৫ সালের দিকে তা এত ছিল না। নগরের ভূমির ব্যবহারে কী পরিমাণ পরিবর্তন হয়েছে এবং ভবিষ্যতে কতখানি হবে, তা মাথায় রাখতে হবে। এ জন্য সার্ভে (জরিপ) করা যেতে যারে। বর্তমানে যে স্যাটেলাইট ইমেজ আছে, তা দিয়ে ভূমির পরিবর্তনটা পুরোপুরি নির্ণয় করা কিছুটা কঠিন। এ জন্য ড্রোন ব্যবহার করা যেতে পারে। এতে করে পরিবর্তনটা সহজে বোঝা যাবে। তখন কাজ করা সহজ হবে।
অতিরিক্ত বৃষ্টিপাত মাটির ওপর কী পরিমাণ প্রবাহিত হয়েছে, তা জেনে নিতে পারলে বৃষ্টির কারণে কতটুকু জলাবদ্ধতা হয়েছে তা জানা যেত। একটা অদ্ভুত বিষয় হচ্ছে, প্রতিবছরই পত্রপত্রিকায় বলা হয়, জলাবদ্ধতার সময় হাঁটু ও কোমরপানি হয়। কিন্তু এটি প্রকৌশলগতভাবে কোনো পরিমাপ হতে পারে না। ঠিক কত ফুট, কত মিটার জলাবদ্ধতা হয়, তা বের করতে হবে। আমরা ২০১২ সাল থেকে স্টাডি করে দেখেছি, নগরের ১৩টি এলাকায় জলাবদ্ধতা হয়। এ ক্ষেত্রে পত্রিকার তথ্যকে অগ্রাধিকার দিতে হয়েছে। কেননা কোনো সংস্থার কাছে এ ব্যাপারে যথাযথ তথ্য ছিল না। জলাবদ্ধতার বিষয়ে গবেষণার জন্য ডেটা স্টোরেজ (তথ্য সংরক্ষণ) করতে হবে।

দেলোয়ার হোসেন মজুমদার, প্রকৌশলী
যদি এক ঘণ্টা চট্টগ্রামের জনজীবন স্তব্ধ হয়, তার প্রভাব সারা দেশে পড়বে। আগে বাকলিয়া, হালিশহরসহ বিভিন্ন এলাকায় ধানি জমি ছিল। জলাশয় ছিল। জোয়ারের পানি যখন ঢুকত, তখন ওই পানি নিম্নাঞ্চলের খালি জায়গায় ছড়িয়ে যেত। এর মধ্যে ভাটা শুরু হয়ে যেত। তখন পানি নামা শুরু হতো। এখন সংকট গায়ে লাগছে। কারণ, খালি জমি নেই। স্লুইসগেটের কোনো বিকল্প নেই।
১৯৯৫–এর মহাপরিকল্পনায় খালগুলো উদ্ধার করার কথা বলা আছে। মহাপরিকল্পনায় সামগ্রিক বিষয়টিকে পাঁচটি পর্যায়ে ভাগ করা হয়েছে। এখন ১২ বছরে মহাপরিকল্পনা বাস্তবায়নের চিন্তা করা যায়। প্রথম পর্যায়ে তিন বছরে স্বল্পমেয়াদি, পরের চার বছর মধ্য ও পরের পাঁচ বছরকে দীর্ঘমেয়াদি ধরে কাজ করা যায়। তবে প্রথম পর্যায়ের সময়ই অন্য দুটি পর্যায়ের কাজও শুরু করে দিতে হবে।
আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা ও শুলকবহরকে প্রথম পর্যায়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর সঙ্গে থাকবে হালিশহর আংশিক, আসদগঞ্জ, খাতুনগঞ্জ ও বাকলিয়া। স্বল্প মেয়াদে নিষ্কাশনের জন্য কার্যকারিতা হারিয়েছে এমন খাল–নালার বাঁক, ঢাল, প্রবেশপথ ও সংযোগস্থল সংশোধন করতে হবে। অবাধ প্রবাহ নিশ্চিত করতে সেতু ও কালভার্ট উঁচু বা প্রশস্ত করতে হবে। সেবা সংস্থার পাইপলাইন, কেব্ল ইত্যাদি যা পানির গতিপথে প্রতিবন্ধকতা তৈরি করে, তা অপসারণ করতে হবে। অপদখলমুক্ত করার পর সব খাল–নালার প্রশস্ততা সামঞ্জস্যপূর্ণ ও গতিপথের সব প্রতিবন্ধকতা দূর করতে হবে।

আলী আশরাফ, শিক্ষক
শহরগুলোতে খাল দখল, নালা দখলের মহোৎসব চলছে। খোদ চট্টগ্রাম সিটি করপোরেশনও এ কাজ করেছে। এখান থেকে সরে আসার জন্য শক্ত হতে হবে।
হিজরা খালটি এম এম আলী রোডে দুই ফুট হয়ে গেছে। এটাকে নালাও বলা যাবে না। যেখানে যেখানে এই কাজটি হয়েছে, যাঁরা করেছেন তাঁদের মাথায় আঘাত করছি না কেন? আঘাতটা কে করবে?
জলবায়ু পরিবর্তনের কথা বেশ আলোচনা হচ্ছে এখন। জলবায়ু পরিবর্তনের কারণে কক্সবাজারের টেকনাফ পয়েন্টে সমুদ্রের উচ্চতা মাত্র ৮ মিলিমিটার বেড়েছে। ওটার কারণে নগরে পানি বাড়ল, এই অজুহাত যাঁরা দেন তাঁরা মিথ্যা কথা বলছেন।
শহরে কিছু এলাকা পরিত্যক্ত হচ্ছে। আগ্রাবাদ, সিডিএ, হালিশহর, পাঁচলাইশের কী অবস্থা। কর্ণফুলী ড্রেজিং প্রয়োজন।
১৯৬৯ সালে চট্টগ্রামের জন্য ড্রেনেজ মাস্টারপ্ল্যান প্রণয়ন করে আমেরিকান কোম্পানি জন আর স্নেল অ্যান্ড কোম্পানি। তারা চট্টগ্রাম শহরের ভেতরে ৭০টি খালের জরিপ করেছিল। এর মধ্যে তারা চাক্তাই খালের দৈর্ঘ্য ৩৪ হাজার ৫০ ফুট পেয়েছিল। এখন ওই খালের অবস্থা তখনকার মতো কি আছে? ওটা কারও না কারও পেটে গেছে। তেমনি মির্জার খালও কিছু কিছু জায়গায় হাওয়া হয়ে গেছে। চট্টগ্রাম শহর পরিত্যক্ত করতে না চাইলে এসব বিষয় গুরুত্ব দিয়ে দেখতে হবে।
স্নেল কর্ণফুলী নদীর সঙ্গে ৩৪টি খালের সংযোগ দেখেছিলেন। অতি সম্প্রতি চট্টগ্রাম ওয়াসার জরিপে দেখা যাচ্ছে, খাল রয়েছে ২২টি। আমাদের কিছু শিক্ষার্থী মাঠপর্যায়ে কাজ করে ১৮টি খালের বেশি অস্তিত্ব পায়নি।
আমরা পরিকল্পনার পর পরিকল্পনা করেছি কিন্তু বাস্তবায়ন করিনি। এখন ওয়াসা আরেকটি পরিকল্পনা করছে। ১৯৯৫ সালে সিডিএর তত্ত্বাবধানে মহাপরিকল্পনা হয়। ১৯৯৫ থেকে ১৫ বছর গেছে। মহাপরিকল্পনা একটা আইন ছিল। তাহলে এটা বাস্তবায়ন হলো না কেন? আমরা এই মহাপরিকল্পনা উল্টিয়ে দেখলাম না। এ কারণে বছরের পর বছর কষ্ট পাচ্ছি।
আরএস অনুযায়ী খালের জায়গা উদ্ধার করতে হবে। কোন ব্যবসায়ী, কোন ডাক্তার, কোন প্রকৌশলী দখল করেছে তা প্রকাশ করেন। আমাদের শক্ত হতে হবে। মানুষের অভ্যাসগত সমস্যার জন্য এখন জরিমানার ব্যবস্থা করা যায় কি না ভেবে দেখা যায়।

মোহাম্মদ ছিদ্দিকুর রহমান, প্রকৌশলী
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) চট্টগ্রামের সন্দ্বীপ, মিরসরাই, আনোয়ারা, বাঁশখালী ও কক্সবাজারে বাঁধ করেছে। কিন্তু চট্টগ্রাম নগরে তেমন কিছু হয়নি। শুধু সমুদ্রপাড়ে একটি বাঁধ হয়েছে। নিজের অভিজ্ঞতার কথা বলি, ২০০৯ সালে আমি পটুয়াখালীতে নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে ছিলাম। সেখানেও চট্টগ্রাম শহরের মতো জলাবদ্ধতার সমস্যা দেখা দেয়। মেঘ নেই, বৃষ্টি নেই। তারপরও শহরের নতুন ও পুরান বাজার ডুবে যেত। এ নিয়ে মেয়র দুশ্চিন্তায় ছিলেন। খাল ও নালা পরিষ্কার করেও জলাবদ্ধতা দূর করতে পারছিলেন না তিনি। পরে আলোচনার ভিত্তিতে ২৫ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়। ২০১২ সালে এই প্রকল্প বাস্তবায়িত হয়। চারটি স্লুইসগেট ও শহর এলাকার একটি অংশে বাঁধ দেওয়া হয়। এরপর থেকে পটুয়াখালী শহরে জলাবদ্ধতা নেই।
২৯ বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি, চট্টগ্রাম নগরের খালগুলোর মুখে যদি স্লুইসগেট দেওয়া হয় তাহলে ৫০-৬০ শতাংশ জলাবদ্ধতা নিরসন হবে।
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে পানি উন্নয়ন বোর্ড একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) তৈরি করেছে। পতেঙ্গা থেকে কাটাখালী খাল পর্যন্ত কর্ণফুলী নদীর তীরে বাঁধ ও রাস্তা নির্মাণ করা হবে। এই প্রকল্প গ্রহণের আগে মেয়র, সিডিএর চেয়ারম্যান, জেলা প্রশাসক, বন্দর, নৌবাহিনীর সঙ্গে আলোচনা করি। প্রায় ৫ হাজার কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। তবে জমি অধিগ্রহণের ব্যয় তিন গুণ বাড়ানোর কারণে প্রকল্প ব্যয় দাঁড়ায় প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকায়। কিন্তু এর মধ্যে সিডিএ নগরের চাক্তাই থেকে কালুরঘাট পর্যন্ত বাঁধ ও রাস্তা নির্মাণের জন্য একটি প্রকল্প নিয়েছে। এই প্রকল্পের আওতায় ১২টি স্লুইসগেট নির্মাণ করবে। তবে আমরা প্রকল্প সংশোধন করে পাঠিয়েছি। এটি প্রকল্প মূল্যায়ন কমিটির অনুমোদনের অপেক্ষায় আছে।

মুহাম্মদ জহুরুল হক, প্রকৌশলী
ওয়াসা চট্টগ্রাম নগরের পয়োনিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থা নিয়ে মহাপরিকল্পনা তৈরি করেছে। সংশ্লিষ্ট সব সেবা সংস্থার সঙ্গে এটি নিয়ে আলোচনা হয়েছে। এর ওপর অনেক সেমিনার, সিম্পোজিয়ামও হয়েছে। এই ড্রেনেজ মহাপরিকল্পনা সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা এটি বাস্তবায়ন করবে। ১৯৯৫ সালে প্রণীত ড্রেনেজ মহাপরিকল্পনার আলোকে এই মহাপরিকল্পনা হয়েছে। এটি বাস্তবায়নের জন্য পাঁচ ধাপে সময় বেঁধে দেওয়া হয়েছে।
শহরের পানি নিষ্কাশন ও ধারণের ক্ষমতা বাড়ানোর জন্য পর্যাপ্ত নালা-নর্দমা নির্মাণ করতে হবে। এর কোনো বিকল্প নেই। এ ছাড়া সিলট্র্যাপ (বালুর ফাঁদ) করতে হবে। খাল ও নালা-নর্দমায় বর্জ্য ফেলার প্রবণতা বন্ধ করতে হবে। খাল ও নালা-নর্দমার প্রতিবন্ধকতা দূর করতে হবে। খালের মধ্যে থাকা বিভিন্ন সেবা সংস্থার পাইপলাইন অপসারণ করা দরকার। মোটকথা, পানি যাতে দ্রুত প্রবাহিত হয়ে খালে পড়তে পারে, তার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। নগরের কালভার্ট প্রশস্ত করার একটি পরিকল্পনা সিটি করপোরেশনের রয়েছে। ওয়াসার পাইপলাইন বসানোর বিষয়টি নিয়ে সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় করা দরকার।
নগরের প্রধান খালগুলোর ধারণক্ষমতা যদি বাড়ানো যায়, তাহলে জলাবদ্ধতার ৪২ শতাংশ সমাধান হবে। তবে গবেষণা ও প্রকৌশলগতভাবে এসব কাজ করতে হবে। সিলট্র্যাপ নির্মাণ করে এর সঠিক ও কৌশলগত রক্ষণাবেক্ষণ করতে হবে। অপ্রশস্ত কালভার্টগুলো প্রশস্ত করলে বা সরিয়ে নিলে জলাবদ্ধতা নিরসনের কাজে দৃশ্যমান পরিবর্তন আসবে। অমাবস্যা-পূর্ণিমার সময় নগরের প্রায় ৩০ শতাংশ এলাকা তলিয়ে যায়। এই ব্যাপারে উদ্যোগ নিতে হবে। একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে রাস্তার পাশে নালা নির্মাণ। এসব নালা আচ্ছাদিত (কভার) করলে ভালো হয়।

জাফর আলম, পর্ষদ সদস্য, বন্দর
চট্টগ্রাম পৃথিবী থেকে বিচ্ছিন্ন নগর নয়। এক বছর আগে জার্মানিতে জলাবদ্ধতা হয়েছে। দিল্লিতে হয়েছে। মুম্বাই অচল হয়ে পড়েছে। আমরা এর বাইরে নই। তবে আমাদের কাছে সমাধানের সেরা উদাহরণ আছে। এখন পরিকল্পনা করতে হবে। বাস্তবায়ন করতে হবে।
জলাবদ্ধতাসহ যা কিছুই হোক, দায়ী করার জন্য পত্রিকায় একজন লোককে খুঁজে বের করা হয়। আজ যদি বলি, জলাবদ্ধতার জন্য দায়ী কারা? এর জন্য চট্টগ্রাম নগরের সব লোক দায়ী। আমরা প্রতিদিন প্রকৃতিকে হত্যা করছি। প্রকৃতি কোনো ছাড় দেবে না। প্রকৃতি প্রতিশোধ নেবে এবং তা নেওয়া শুরু করেছে। বন্দর হওয়ার আগে মহেশখালে জাহাজ ভিড়ত। মহেশখালকে আমরা নষ্ট করেছি। ঘরের অনেক কিছুতেই প্লাস্টিকসামগ্রী স্থান করে নিয়েছে। পরিত্যক্ত হওয়ার পর তা বাইরে ফেলে দিই। আমরা মনে করি, এটা মেয়রের দায়িত্ব। কিন্তু এটা আমাদের দায়িত্ব।
বন্দরের ১ ও ২ নম্বর জেটি নিয়ে কথা হয়েছে। এখানে জাহাজ ভিড়তে পারে না। বক্স কালভার্ট দিয়ে যত বর্জ্য বিশেষ করে প্লাস্টিকের বর্জ্য গিয়ে এটি শেষ হয়ে গেছে। এখানে ওয়াসার প্রধান প্রকৌশলী আছেন। ওয়াসার ‘ওয়া’ আছে, ‘সা’ নেই। পয়োনিষ্কাশন-ব্যবস্থায় আসতে হবে। এখন বড় বড় প্রকল্প নেওয়া হচ্ছে। মুহূর্তের মধ্যে তা পাস হয়ে যাচ্ছে। তাই যে টাকার কথা বলা হচ্ছে তা কোনো ব্যাপার না।
আমরাও অর্বাচীনের মতো মহেশখালের বুকে বাঁধ দিয়েছিলাম। বোর্ড সদস্য হিসেবে তা চাইনি। তারপরও দেওয়া হয়েছে। কিছু অংশের সমস্যা দূর হয়। পরে ভাঙা হয়েছে। তখনো বিরোধিতা করেছি। আসলে এটা আমাদের কাজ ছিল না। এটি পাউবোর কাজ। জলাবদ্ধতার সমস্যা সমাধানে পাউবোর প্রকৌশলী স্লুইসগেটের কথা বলেছেন। তবে বাংলাদেশে স্লুইসগেটের ইতিহাস খুবই খারাপ। নোয়াখালী, কক্সবাজারসহ বিভিন্ন জায়গায় দেখেছি, লোকজন স্লুইসগেটের পাশে বাঁধ কেটে দিয়েছে। যেনতেন স্টাডি করে এখানে স্লুইসগেট করা হলে একসময় তা কেটে দিতে হবে। এসব কাজে ডাচরা বিশেষজ্ঞ। তাদের ইনভলব (যুক্ত) করেন। আরও বিশেষজ্ঞ নেন।
জলাবদ্ধতা নিরসনে সিডিএ বড় একটি প্রকল্প নিয়েছে। এখন এই প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা সিডিএর আছে কি না, তা দেখার বিষয়। খুব উচ্চমানসম্পন্ন পরামর্শক নিয়োগ দিতে হবে। চট্টগ্রামের জলাবদ্ধতা মেয়রের সৃষ্টি নয়। আমরা সৃষ্টি করেছি। এই ব্যাপারে চিন্তা করতে হবে। জলাবদ্ধতা সমস্যা নিরসনের জন্য সমস্যাগুলোকে যথাযথভাবে চিহ্নিত করতে হবে। বিচ্ছিন্নভাবে কাজ করলে হবে না।

শাহীনুল ইসলাম খান, প্রকৌশলী
জলাবদ্ধতা নিরসনে সিডিএ ছয় হাজার কোটি টাকার একটি প্রকল্প নিয়েছে। এ নিয়ে কথা হয়েছে। সিডিএ একটি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান। সিডিএ উড়ালসড়ক নির্মাণ কিংবা জলাবদ্ধতা নিরসনে প্রকল্প নেয়। এগুলোর একেকটির একেক ধরনের কাজ। আমাদের কাজ হচ্ছে যেকোনো প্রকল্পের ক্যারেক্টার (চরিত্র) অনুযায়ী সেখানে দক্ষ লোক নিয়োগ করা, তাঁদের কাজে যুক্ত করা এবং তাঁদের কাছ থেকে কাজ আদায় করা। এই ম্যানেজমেন্ট (ব্যবস্থাপনা) করার দক্ষতা আছে কি না, তা হচ্ছে প্রশ্ন। এ ক্ষেত্রে আমার মনে হয় না সিডিএর কোনো ব্যর্থতা আছে। একটি প্রতিষ্ঠান যখন কোনো প্রকল্প নিয়ে কাজ করে শতভাগ কিংবা আকাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে না পারে, তখন তার দায়িত্ব হলো প্রজেক্ট (প্রকল্প) মূল্যায়ন করা, স্টাডি করা—কেন এই প্রকল্প সফল হলো না। কোথায় ব্যর্থ ছিলাম। এই ব্যর্থতা কাটানোর জন্য কী করা দরকার ছিল?
সারা বাংলাদেশে জলাবদ্ধতা হচ্ছে। কিন্তু এর সঙ্গে চট্টগ্রামের জলাবদ্ধতার মৌলিক পার্থক্য আছে। অন্যান্য জায়গায় পানি শাখা-প্রশাখা নালার মাধ্যমে প্রবাহিত হয়ে খাল ও নদীতে পড়ে। সারা দেশে এই ব্যবস্থা একমুখী। কিন্তু চট্টগ্রামে এটি দ্বিমুখী। এখানে জোয়ারের সময় উল্টো পানি ঢোকে। তাই সারা দেশের ড্রেনেজ সমস্যা সমাধানের যে পদ্ধতি, তার সঙ্গে আমাদের মেলে না।
এখানে যখন নালা নির্মাণ করা হয়, তখন পরিকল্পনায় থাকে যে সেটি দিয়ে শুধু তরল প্রবাহিত হবে। কিন্তু আমাদের এখানে কি তা হয়? অবলীলায় সেখানে কঠিন বর্জ্য পদার্থ ফেলে দিই। অবাক হবেন, খালপাড়ে যাঁদের বাড়ি রয়েছে, তাঁরা সিটি করপোরেশনের বর্জ্য অপসারণে কর দিতে চান না। নগর শুধু অবকাঠামো দিয়ে তৈরি হয় না। এটি কারিগরি বিষয়ও নয়। এর সাংস্কৃতিক দিক আছে। মানুষকে নগরে বসবাসের উপযোগী করার জন্য একটি সাংস্কৃতিক প্রস্তুতিরও দরকার আছে। কিন্তু এ ক্ষেত্রে আমরা ব্যর্থ হয়েছি।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের মৌলিক কাজ হচ্ছে মহাপরিকল্পনা তৈরি করা। ১৯৯৫ সালে প্রথম মহাপরিকল্পনা তৈরি করা হয়। এর কাজ শুরু হয় ১৯৯২ সালে। শেষ হয় ১৯৯৫ সালে। তখন ড্রেনেজ মহাপরিকল্পনা তৈরি করা হয় দেড় বছর ধরে। ১৯৯৩ সালের জুন মাসে ড্রেনেজ মহাপরিকল্পনা শেষ করা হয়। এটি ফেলে রাখার জন্য করা হয়নি। কিন্তু আজ পর্যন্ত বাস্তবায়িত হয়নি।
দেশের সব জায়গায় খালগুলোর জন্য আরএস ম্যাপ ব্যবহার করা হয়, কিন্তু চট্টগ্রামে বিএস ম্যাপ ব্যবহার করা হয়েছে। এটি কেন হয়েছে জানি না। সিডিএর প্রকল্পে বলা হয়েছে, আরএস ম্যাপ অনুযায়ী নগরের খালগুলোর যে প্রশস্ততা, তা নিশ্চিত করা হবে। দখল হয়ে যাওয়া খালগুলো উদ্ধার করে এর দুপাশে ১৫ ফুট চওড়া রাস্তা নির্মাণ করা হবে। যাতে ভবিষ্যতে নিয়মিত পরিচর্যা ও সংস্কার করা যায়।
প্রকল্প বাস্তবায়নের জন্য জমি অধিগ্রহণ করতে হয়। একসঙ্গে ভূমি অধিগ্রহণের টাকা পাওয়া যায় না। সরকারের অর্থ বরাদ্দের নীতিমালা খুবই কঠিন।

মুহাম্মদ সিকান্দার খান, অর্থনীতিবিদ
আমরা পরিকল্পনা করার সময় দেশবাসীর টাকা খরচ করেছি। আপনি যা যা পরিকল্পনা করেছেন, তার বাইরে যাবেন না। আমি সিডিএর কথাই বলি। ১৯৯৫ সালে একটি মহাপরিকল্পনা করেছিল। আমাদের ভাগ্য বা দুর্ভাগ্য হয়েছিল ওটার সঙ্গে জড়িত হওয়ার। আমাদের দুঃখ লাগে, ৯২ থেকে ৯৫ পর্যন্ত পরিকল্পনা করলেন, কিন্তু কিছু করলেন না।
১৯৯৫ থেকে অনেক সরকার গেছে। সবাই নিজেদের গণতান্ত্রিক সরকার দাবি করে। কিন্তু ‘গণ’ যেটা ব্যাপার ছিল, সেটাকে সম্মান দেখানো হয়নি কেন? সিটি করপোরেশন আছে, সিডিএ আছে, বন্দর আছে, পানি উন্নয়ন বোর্ড আছে; তারা কেন বলতে পারছে না যে কোন পথে এটা বাস্তবায়িত হবে?
আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শেষের দিকে একটা চ্যাপ্টার যোগ করে দেওয়া হয় যে কীভাবে বাস্তবায়ন করা যায়। আমরা সবাই গণতন্ত্রে বিশ্বাস করি। তবে জাতীয় সংসদ দিয়ে আমরা কেন এটা পাস করাইনি যে পরিকল্পনা একটা পাবলিক ডকুমেন্ট (জনগণের দলিল)। এটা ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট (আর্থিক দলিল) নয়।
পানি নিষ্কাশনের জন্য কোনো ভালো স্বার্থগোষ্ঠী হয়তো দাঁড়ায়নি। উড়ালসড়কের জন্য হয়তো দাঁড়িয়ে গেছে। তাই এটা হয়ে গেছে। জনগণ কি এটা চেয়েছিল?
জনগণ দায়ী করে প্রতিষ্ঠানকে। প্রতিষ্ঠান দায়ী করে জনগণকে। আমরা সবাই দায়ী। আজ নালায় বর্জ্য ফেলার সময় মানা করার দায়িত্ব মেয়রের। কিন্তু তাঁকে সেভাবে ক্ষমতা দেওয়ার দরকার ছিল, তা না করে যদি বলি এটা করো, ওটা করো তাহলে কিছু হবে না। আমরা সমাজে যারা সুশীল বলে গালি খাই, তাদের দায়িত্ব ছিল মানুষকে বোঝানো, ভাই নালায় ময়লা ফেলো না। আর মেয়রের দায়িত্ব ছিল পুলিশকে ঘুমাতে না দিয়ে কাজে লাগানো।
এখন যিনি যত বেশি টাকা আনতে পারেন, তিনি তত বড় নেতা। নেতা তো হবে আমি যার ওপর যত বেশি খুশি তিনি। মজার ব্যাপার হলো, চট্টগ্রামে মেয়র ও সিডিএ চেয়ারম্যান একই সরকারের মানুষ। কিন্তু আমরা বিভাজন থেকে বের হতে পারিনি।
ব্যক্তি নয়, প্রতিষ্ঠানকে সম্মান করতে হবে। প্রতিষ্ঠানকে সম্মান করতে শিখতে হবে, ব্যক্তি পূজা নয়।

আ জ ম নাছির উদ্দীন, মেয়র, চট্টগ্রাম
দায়িত্ব নেওয়ার পর জলাবদ্ধতা সমস্যার কীভাবে সমাধান করা যায় তা নিয়ে চিন্তা করি। এই চিন্তা থেকেই চীনের সঙ্গে সমঝোতা স্মারক করি। তারা ১৯৯৫ সালের মহাপরিকল্পনা এবং সম্প্রতি ওয়াসার মহাপরিকল্পনা বিবেচনায় নিয়েছে। জলাবদ্ধতা নিরসনের জন্য একটি প্রাথমিক ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা) তৈরি হয়েছে। জিটুজি (সরকারের সঙ্গে সরকার) পদ্ধতিতে প্রকল্পটি বাস্তবায়ন করার পরিকল্পনা রয়েছে। এটি অনুমোদনের জন্য এখন ইআরডিতে (অর্থনৈতিক সম্পর্ক বিভাগ) আছে।
জলাবদ্ধতা নিরসনে বেশ কয়েকটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। সিডিএ একটি প্রকল্প নিয়েছে। এই প্রকল্পগুলোতে প্রচুর অর্থের বিনিয়োগ হবে, তাই লক্ষ্য থাকতে হবে, এতে যাতে জনগণ সত্যিকারের সুফল পায় এবং চট্টগ্রাম শহর যাতে জলাবদ্ধতামুক্ত হয়। যদি শুধু আবেগপ্রবণ হয়ে বা কৃতিত্ব অর্জনের মানসিকতা নিয়ে কোনো প্রকল্প গ্রহণ করা হয়, এটি আসলে দীর্ঘ মেয়াদে কোনো কল্যাণ বয়ে আনবে না।
শহরের খালগুলোর মধ্যে ২টি হালদার সঙ্গে, ২০টি কর্ণফুলী ও ১৬টি বঙ্গোপসাগরের সঙ্গে যুক্ত হয়েছে। আমরা যদি কম্প্রিহেনসিভ সলিউশনে (সমন্বিত সাধান) না গিয়ে আংশিক সলিউশনে যাই, তাতে দীর্ঘ মেয়াদে সুফল পাব না।
আমরা সবাই সমন্বয়ের কথা বলি। কিন্তু প্রকল্প গ্রহণের পর সমন্বয় করলে তা অর্থহীন বলে আমি ধারণা করি। প্রকল্প গ্রহণের আগেই সমন্বয়টা নিশ্চিত করতে হবে। চিন্তাভাবনা করে, ধীরে-সুস্থে, ধৈর্য ধারণ করে এগোতে হবে। চট্টগ্রামের চিন্তা করে যদি প্রকল্পগুলো গ্রহণ করা হয় এবং জনগণকে সত্যিকার অর্থে মুক্তি দিতে চাই, তাহলে সেখানে ব্যক্তির প্রাধান্যটাকে জলাঞ্জলি দিতে হবে।
মেয়র নির্বাচিত জনপ্রতিনিধি। নগরে আর যেসব সেবা সংস্থা আছে, তাদের কেউ জনপ্রতিনিধি নয়। এই বাস্তবতাটাকে উপলব্ধি করতে হবে। জবাবদিহি আছে সিটি করপোরেশনের। অন্য কোনো সংস্থার সরাসরি জবাবদিহি নেই। যানজট, পানি, বিদ্যুৎ—সবকিছুর জন্য সিটি করপোরেশনকে দায়ী করে মানুষ। কিন্তু প্রত্যেকে যে যার মতো করে প্রকল্প গ্রহণ করছে।
চট্টগ্রাম নগরে সমন্বিত ড্রেনেজ ব্যবস্থা নেই। ঘরবাড়ি নির্মাণ করা হয়েছে, কিন্তু পানি কীভাবে নামবে তার ব্যবস্থা করা হয়নি। এই নগরটাকে পরিকল্পিতভাবে নগরায়ণের দায়িত্ব ছিল যে প্রতিষ্ঠানের তারা কী করেছে? নকশা অনুমোদন দেওয়া, সে অনুযায়ী কাজ হচ্ছে কি না তা তদারকের দায়িত্ব সিডিএর। তারা তা করেনি। কিন্তু এখন সমস্ত দায়দায়িত্ব সিটি করপোরেশনের ঘাড়ে এসে পড়েছে।
সমন্বয় না করে প্রকল্প গ্রহণ করা হলে কোনো লাভ হবে না। এতে জনগণের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হবে। অকারণে টাকার অপচয় হবে। সময়ক্ষেপণ হবে। অপ্রয়োজনীয়ভাবে সিটি করপোরেশনকে দায়ী করা হবে। মেয়র হিসেবে এর দায়দায়িত্ব আমাকে নিতে হবে। এখনো সময় আছে। নগরকে পরিকল্পিতভাবে গড়ে তুলতে হলে সমন্বয় দরকার।
আলোচনায় সুপারিশ
* ১৯৯৫ সালের ড্রেনেজ মহাপরিকল্পনা অনুযায়ী চট্টগ্রাম নগরের খালগুলো সংস্কার ও সিলট্র্যাপ (বালুর ফাঁদ) নির্মাণ
* বিভিন্ন সেবা সংস্থার মধ্যে সমন্বয়ের মাধ্যমে প্রকল্প গ্রহণ করা
* জোয়ারজনিত জলাবদ্ধতা নিরসনে খালের মুখে পাম্প হাউসসহ জলকপাট (স্লুইসগেট) স্থাপন
* জলাবদ্ধতার বিষয়ে গবেষণার জন্য পর্যাপ্ত ডেটা স্টোরেজ (তথ্য সংরক্ষণ) তৈরি করা
* সিটি করপোরেশনের মেয়রকে প্রধান করে সব সেবা সংস্থার মধ্যে সমন্বয় করা
* আরএস জরিপের ভিত্তিতে খালগুলো দখলমুক্ত করা
* জরুরি ভিত্তিতে কর্ণফুলী নদী খনন
যাঁরা অংশ নিলেন
আ জ ম নাছির উদ্দীন : মেয়র, চট্টগ্রাম সিটি করপোরেশন
মুহাম্মদ সিকান্দার খান : সভাপতি, পরিকল্পিত চট্টগ্রাম ফোরাম
জাফর আলম : পর্ষদ সদস্য, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ
শাহীনুল ইসলাম খান : প্রধান নগর পরিকল্পনাবিদ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)
প্রকৌশলী আলী আশরাফ : সহ-উপাচার্য, সাদার্ন বিশ্ববিদ্যালয়
দেলোয়ার হোসেন মজুমদার: সাবেক চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্র
আয়শা আখতার : অধ্যাপক, পুরকৌশল বিভাগ, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
মুহাম্মদ জহুরুল হক : প্রধান প্রকৌশলী, চট্টগ্রাম ওয়াসা
মোহাম্মদ ছিদ্দিকুর রহমান : তত্ত্বাবধায়ক প্রকৌশলী, পানি উন্নয়ন বোর্ড
ছৈয়দ ছগীর আহমদ : সাধারণ সম্পাদক, খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন
ফাতেমা শারমিন : শিক্ষক, আগ্রাবাদ মহিলা কলেজ
শাহরিয়ার খালেদ : সাধারণ সম্পাদক, চাক্তাই খাল খনন সংগ্রাম কমিটি
আব্দুল কাইয়ুম : সহযোগী সম্পাদক, প্রথম আলো
লাজ্জাত এনাব মহছি : উপসম্পাদক, প্রথম আলো
সঞ্চালক
বিশ্বজিৎ চৌধুরী, যুগ্ম সম্পাদক, প্রথম আলো