চট্টগ্রামের জামালখান খাল যেন আবর্জনার ভাগাড়
খালের ভেতর একটু পর পর মাটির স্তূপ। সেখানে জন্মেছে কলাগাছ। এতে সংকুচিত হয়ে গেছে পানিপ্রবাহের জায়গা। এ ছাড়া খালে ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। বর্জ্য আর পলিথিনে ঢাকা পড়েছে খালের ওপরের স্তর।
এ চিত্র চট্টগ্রাম নগরের জামালখান খালের। নগরের কাজীর দেউড়ি এলাকা থেকে শুরু হওয়া এই খাল জামালখান, হেমসেন লাইন, রহমতগঞ্জ ও দেওয়ানবাজার হয়ে চাক্তাই খালের সঙ্গে মিশেছে।
একই অবস্থা হিজড়া খালেরও। নগরের বাগমনিরাম ওয়ার্ড থেকে শুরু হওয়া এই খাল পশুশালা, প্রবর্তক মোড়, কাতালগঞ্জ, কাপাসগোলা ও চকবাজার হয়ে চাক্তাই খালের সঙ্গে মিশেছে।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের অভিযোগ, চট্টগ্রাম সিটি করপোরেশন খাল দুটি নিয়মিত পরিষ্কার ও খনন করছে না। এ কারণে খাল দুটি ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। খালে পানিনিষ্কাশনের ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ায় আশপাশের এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়।
গত মঙ্গলবার জামালখান খাল পরিদর্শনে গিয়ে দেখা যায়, খালের জামালখান এলাকার অংশ ময়লা-আবর্জনায় ভরাট হয়ে গেছে। খালের সবচেয়ে খারাপ অবস্থা রহমতগঞ্জ ও দেওয়ানবাজার অংশে। রহমতগঞ্জ দিয়ে প্রবাহিত খালের পাড়ে যাওয়ার কোনো সুযোগ নেই। খালের পাড় ঘেঁষে দুই পাশে গড়ে উঠেছে বহুতল ভবন, কমিউনিটি সেন্টার ও শিক্ষাপ্রতিষ্ঠান। খালের এ অংশের ভেতর মাটি জমে বড় বড় স্তূপের সৃষ্টি হয়েছে। সেখানে জন্মেছে একাধিক কলাগাছ। খালের ভেতরে আগাছার ঝোপঝাড়। খালের দেওয়ানবাজার অংশ ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে।
দেওয়ানবাজার এলাকার ব্যবসায়ী মোহাম্মদ ইউসুফ বলেন, সিটি করপোরেশন গত এক বছরে খাল খনন কিংবা ময়লা-আবর্জনা সরিয়ে নিতে কোনো উদ্যোগ নেয়নি।
স্থানীয় বাসিন্দা শিবলু দাশ ও একটি কমিউনিটি সেন্টারের কর্মকর্তা মো. ইলিয়াছ বলেন, খাল পরিষ্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনেকবার বলা হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি।
স্থানীয় আরেকটি কমিউনিটি সেন্টারের ব্যবস্থাপক পরিতোষ নন্দী বলেন, নিয়মিত পরিষ্কার না করায় খালটি ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। এতে এলাকায় মশা-মাছির উৎপাত বেড়ে গেছে।
সম্প্রতি হিজড়া খাল পরিদর্শন করে দেখা যায়, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের পাশের অংশ বিভিন্ন বর্জ্যে ভরাট হয়ে গেছে। এতে বাধাগ্রস্ত হচ্ছে পানিনিষ্কাশন। এ কারণে সামান্য বৃষ্টিতে প্রবর্তক মোড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয় বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা।
গত বৃহস্পতিবার প্রবর্তক মোড় অংশে খাল খননের জন্য একটি খননযন্ত্র নামানো হয়েছে। মর্গের পাশের অংশে জমে যাওয়া ময়লা-আবর্জনা পরিষ্কার করছেন চার-পাঁচজন শ্রমিক।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রবর্তক মোড়ের একজন ব্যবসায়ী বলেন, মাঝেমধ্যে খাল খনন করা হলেও পানি ওঠা বন্ধ হয়নি। অল্প বৃষ্টিতে পুরো মোড় তলিয়ে যায়।
চট্টগ্রাম সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী সুদীপ বসাক প্রথম আলোকে বলেন, হিজড়া খাল খনন ও পরিষ্কারের কাজ শুরু হয়েছে। ৭ থেকে ১০ দিনের মধ্যে এ কার্যক্রম শেষ হবে। আর আগামী সপ্তাহের মধ্যে জামালখান খালের খননকাজ শুরু করা হবে। খাল দুটি নিয়মিত পরিষ্কার ও খনন করা হয় দাবি করে তিনি বলেন, গত বর্ষা মৌসুমের আগে জামালখান খাল ও হিজড়া খাল খননসহ পরিষ্কার করা হয়েছে।