চট্টগ্রামের জেলা প্রশাসককে বিদায়ী সংবর্ধনা
চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের চট্টগ্রাম জেলা শাখা। গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, চট্টগ্রাম ব্রিটিশবিরোধী আন্দোলন, স্বাধীনতাসংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। জঙ্গিবাদ নির্মূল অভিযানেও চট্টগ্রাম সামনে থাকবে। পেশাগত জীবনে চট্টগ্রাম তাঁর কাছে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন আমলাতান্ত্রিক সীমাবদ্ধতা কাটিয়ে জনকল্যাণমুখী প্রশাসনিক ব্যবস্থাপনায় আন্তরিক ছিলেন। তিনি মুক্তিযুদ্ধের চেতনাকে শতভাগ অন্তরে ধারণ করে আমাদের প্রিয়জনে পরিণত হয়েছেন।’
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অনুপ বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদের জেলা ইউনিট কমান্ডার মোহাম্মদ সাহাব উদ্দিন, সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ ও নিছার উদ্দিন আহমেদ, কাউন্সিলর এস এম এরশাদ উল্লাহ ও শৈবাল দাশ, প্রকৌশলী রফিকুল ইসলাম ও সুদীপ বসাক, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনকে স্থানীয় সরকার বিভাগের উপসচিব এবং রাঙামাটির জেলা প্রশাসক মো. শামসুল আরেফীনকে চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে বদলি করে গত ২৩ আগস্ট আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।