চট্টগ্রামের টিএসপি সার কারখানার গুদামে আগুন
‘বৈদ্যুতিক গোলযোগ’ থেকে চট্টগ্রাম নগরের উত্তর পতেঙ্গায় অবস্থিত টিএসপি কমপ্লেক্স লিমিটেড সার কারখানার একটি গুদামে গত বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত সাড়ে ১১টার দিকে আগুন লাগার পর পরই ফায়ার সার্ভিসের আটটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস বলছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত।
টিএসপি কমপ্লেক্স লিমিটেড নামের এই সার কারখানাটি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) নিয়ন্ত্রণাধীন দেশের একমাত্র ফসফেটিক সার কারখানা। ২০১৫ সালে প্রকাশিত বার্ষিক প্রতিবেদন অনুযায়ী এই কারখানার বার্ষিক উৎপাদন ক্ষমতা ১ লাখ ৫২ হাজার মেট্রিক টন।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জসীম উদ্দিন প্রথম আলোকে বলেন, কারখানার দুই নম্বর গুদামে আগে থেকেই রক ফসফেট মজুত ছিল। বৃহস্পতিবার রাতে সালফার গুদামে নামানো হচ্ছিল। এ সময় বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগে। তিনি বলেন, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের আটটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপরও গুদামের ভেতর থেকে ধোঁয়া বের হতে থাকে। তবে শুক্রবার ভোর পাঁচটার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। আগুনে রক ফসফেট ও কিছু যন্ত্রাংশ পুড়ে সাড়ে চার লাখ টাকার ক্ষতি হয়েছে।
এদিকে গতকাল বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন টিএসপি কমপ্লেক্স লিমিটেডের পরিচালক মো. আবদুল হাই ও লুৎফুর রহমান। অগ্নিকাণ্ডের কারণ খুঁজে বের করতে তিন সদস্যর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগুনের ঘটনায় গুদামের তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান টিএসসি কমপ্লেক্স লিমিটেডের মহাব্যবস্থাপক (প্রশাসন) আমিরুল হক।