চট্টগ্রামের ডিসি হিল পার্কে ফটক নির্মাণ বন্ধের দাবি
চট্টগ্রামের ডিসি হিল পার্কে ফটক নির্মিত হলে পাঁচ হাজার প্রাতর্ভ্রমণকারীর হাঁটার অধিকার লঙ্ঘিত হবে। সংকুচিত হবে নগরের সাংস্কৃতিক কেন্দ্রস্থল হিসেবে পরিচিত এই পার্ক।গতকাল সোমবার বিকেল সাড়ে তিনটায় নগরের প্রেসক্লাবে সম্মিলিত ডিসি হিল পার্ক উন্নয়ন পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা এ কথা বলেন। সংগঠনের নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ফটক নির্মাণ বন্ধ করা না হলে আন্দোলনের মাধ্যমে জেলা প্রশাসককে অপসারণ করা হবে।’সংগঠনের লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, অসামাজিক কার্যকলাপ বন্ধের অজুহাত দেখিয়ে পার্কে ফটক নির্মাণের মাধ্যমে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। ডিসি পাহাড়ের চূড়ায় অবস্থিত জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের বাসভবনের বাইরে পৃথক দুটি ফটক থাকা সত্ত্বেও হাঁটাচলার রাস্তায় আরও একটি ফটক নির্মাণের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলা হয়।সংগঠনের পক্ষ থেকে লিখিত বক্তব্য পড়ে শোনান দিলীপ দে। উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক এম এ হায়দার চৌধুরী, সদস্যসচিব মো. আবুল বশর ভূঁইয়া, প্রকৌশলী কনক চৌধুরী, জামশেদুল আলম চৌধুরী প্রমুখ।