চট্টগ্রামের ডিসি হিলে নবান্ন উৎসব আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কার্তিক ফুরিয়ে এল। শীতের আমেজ নিয়ে আসছে অগ্রহায়ণ। হেমন্তের এই সময়টায় গ্রামবাংলা মেতে ওঠে নতুন ধান ঘরে তোলার উৎসবে। নগরজীবনেও উৎসবের এই আবহ ছড়িয়ে দিতে চট্টগ্রামের ডিসি হিলে আজ শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে নবান্ন উৎসব।
তিনজন কৃষক বেলুন উড়িয়ে আজ বিকেল চারটায় উৎসবের উদ্বোধন করবেন। উৎসবে প্রধান অতিথি হিসেবে থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন লেখিকা ফেরদৌস আরা আলীম। উৎসবের আয়োজক শিশুদের সংগঠন শিশুমেলা।
উৎসবে আবৃত্তি, গান, নৃত্য পরিবেশন করবেন চট্টগ্রামের বিভিন্ন সংগঠনের শিল্পীরা। সম্মেলক সংগীত পরিবেশন করবে অভ্যুদয় সংগীত অঙ্গন এবং চারুতা সংগীত একাডেমি। দলীয় নৃত্য পরিবেশন করবে নিষ্পাপ অটিজম স্কুল, সুরাঙ্গন বিদ্যাপীঠ, চারুতা নৃত্যকলা একাডেমি এবং নৃত্য নিকেতন। আবৃত্তি পরিবেশন করবে বোধন, প্রমা ও তারুণ্যের উচ্ছ্বাস। এ ছাড়া থাকবে একক সংগীতের আয়োজন।
শিশুমেলার পরিচালক ও উৎসব কমিটির সদস্যসচিব রুবেল দাশ প্রথম আলোকে বলেন, নগরের মানুষের সঙ্গে গ্রামের দূরত্ব কমাতে এবং আনন্দ ভাগাভাগি করে নিতেই এই উৎসবের আয়োজন করা হয়েছে।