চট্টগ্রামের তিন উপজেলায় অভিযানে গ্রেপ্তার ২৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালী উপজেলায় র‌্যাব-পুলিশের সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় জামায়াতের নেতাসহ ২৪ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে।গত ২৮ ফেব্রুয়ারি থেকে টানা চার-পাঁচ দিন এই তিন উপজেলায় ব্যাপক সহিংস ঘটনা ঘটে। এসব তাণ্ডবে পুলিশের এক সদস্য এবং সংখ্যালঘু সম্প্রদায়ের এক সদস্যসহ পাঁচজনের মৃত্যু হয়।গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে লোহাগাড়ার পদুয়া ইউনিয়ন জামায়াতের আমির আবুল কালাম আজাদ, সাতকানিয়ার চরতি মাদ্রাসার সুপার ও জামায়াতের কর্মী আবু ইউসুফ, সাতকানিয়ার কেওচিয়া ইউনিয়নের জামায়াতের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ এবং ছদাহা ইউনিয়ন জামায়াতের সাবেক আমির মোহাম্মদ হোসেন রয়েছেন।পুলিশ সূত্র জানায়, আবুল কালাম আজাদের বিরুদ্ধে ২৮ ফেব্রুয়ারি লোহাগাড়ায় পুলিশ কনস্টেবল হত্যার সরাসরি অভিযোগ আনা হয়েছে। ওইদিন একটি কমিউনিটি সেন্টারে পুলিশের ১৯ সদস্যকে অবরুদ্ধ করে এর ফটকে তালা লাগিয়ে তাঁদের পুড়িয়ে মারার চেষ্টা করে জামায়াত-শিবির। এই ঘটনার নেতৃত্বে আবুল কালাম ছিলেন বলে পুলিশি তদন্তে জানা গেছে।জেলা পুলিশ সুপার মো. হাফিজ আক্তার বলেন, ‘মানুষ খুন, অগ্নিসংযোগ ও উপাসনালয়ে হামলাসহ বিভিন্ন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে। আইন অনুযায়ী আসামিদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি।’পুলিশ সূত্র আরও জানায়, সাতকানিয়ায় বুদ্ধমূর্তি ভাঙচুরের ঘটনায় চরতি মাদ্রাসার সুপার আবু ইউসুফকে গ্রেপ্তার করা হয়। ছাত্রদের উসকানি দিয়ে তিনি এই কাণ্ড ঘটান বলে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন। এ ছাড়া এই সুপার জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত আছেন।জামায়াতের সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী বিদ্বেষ ছড়িয়ে সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালী এলাকার দলীয় লোকজনকে উত্তেজিত করেন। এ কারণে ২৮ ফেব্রুয়ারি থেকে টানা চার-পাঁচ দিন কক্সবাজার ও বান্দরবান ছাড়াও সাতকানিয়া এবং লোহাগাড়ার সঙ্গে দেশের সড়ক যোগাযোগ বন্ধ ছিল। ওই সময় বাঁশখালী, সাতকানিয়া ও লোহাগাড়া এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর, উপাসনালয় এবং ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে দুর্বৃত্তরা।এদিকে বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় বিএনপির সভাপতি আলমগীর কবির চৌধুরীর গ্রেপ্তার নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। জেলা পুলিশ সুপার হাফিজ আক্তার এ প্রসঙ্গে বলেন, উপজেলা চেয়ারম্যান আলমগীর কবির সম্পর্কে দুই ধরনের বক্তব্য পাওয়া যাচ্ছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। তিনি নির্দোষ হলে অবশ্যই ছাড়া পাবেন।