চট্টগ্রামের তিন খুনের মামলা প্রত্যাহারে আবার উদ্যোগ
চট্টগ্রামের আলোচিত তিন খুনের মামলাটি প্রত্যাহারের জন্য আবারও সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে ২০১১ সালে একবার প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হলেও আদালত তা মঞ্জুর করেননি।
এই মামলার আসামি শিবিরের ক্যাডার আবুল কাশেম ওরফে জামাই কাশেম ও বাইট্টা ইউসুফ। কাশেম ইসলামী ছাত্রশিবির ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়েছেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মহানগর পিপি কামাল উদ্দিন আহাম্মদ ২৩ অক্টোবর মামলাটি প্রত্যাহারের জন্য আদালতে আবেদন করেন। ৫ নভেম্বর আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।
কাশেমের ভাই শাহজাহান প্রথম আলোকে বলেন, মামলা থেকে অব্যাহতি পেতে কাশেম শিবির ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন। এরপর নিজেকে আওয়ামী লীগের নেতা পরিচয় দিয়ে মামলা প্রত্যাহারের আবেদন করেন।
শিবিরের অভ্যন্তরীণ বিরোধের জের ধরে ২০০৪ সালের ২৯ জুন নগরের বায়েজীদ বোস্তামী বালুছড়া এলাকায় আসামিদের ব্রাশফায়ারে নিহত হন শিবিরের ক্যাডার ছোট সাইফুল, তাঁর বড় ভাই আলমগীর ও বোন মনোয়ারা বেগম।
বর্তমানে প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে মামলাটির সাক্ষ্যগ্রহণ চলছে। আসামিরা যে গুলি করে হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা ইতিমধ্যে ১৫ সাক্ষীর সাক্ষ্যে উঠে এসেছে।
এদিকে মামলা প্রত্যাহারের আবেদনে নিহতের পরিবারে আতঙ্ক দেখা দিয়েছে। পরিবারের সদস্যরা বলছেন, আসামিরা অব্যাহতি পেলে তাঁরা বিচার পাবেন না। এ অবস্থায় নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হবে।
বিষয়টির সত্যতা স্বীকার করে কামাল উদ্দিন আহাম্মদ বলেন, ‘মন্ত্রণালয়ের আদেশ পাওয়ার পর মামলাটি প্রত্যাহারের জন্য আদালতে আবেদন করেছি। শুনানি শেষে আদালত আদেশ দেবেন।’
মামলাটি প্রত্যাহারে মন্ত্রণালয় প্রথম চিঠি পাঠায় ২০১১ সালের ২৫ জুলাই। তখন পিপি আদালতে আবেদন জানালে তা নামঞ্জুর করেন বিচারক। এরপর মামলাটির সাক্ষ্যগ্রহণ চলতে থাকে। এখন সরকারের শেষ সময়ে এসে আবার মামলাটি প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, কাশেম নিজেকে জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের নেতা পরিচয় দিয়ে মামলাটি প্রত্যাহারে জেলা প্রশাসকের মাধ্যমে আবেদন করেন ২০১০ সালে। এতে সুপারিশ করেন সদ্য প্রয়াত আওয়ামী লীগের নেতা ইনামুল হক দানু।
২০০৪ সালের ২৯ জুন নগরের কুলগাঁও এলাকায় প্রকাশ্যে গুলি করে শিবিরের ক্যাডার ছোট সাইফুল, তাঁর ভাই আলমগীর ও বোন মনোয়ারা বেগমকে হত্যা করা হয়। পরদিন সাইফুলের স্ত্রী আয়েশা আক্তার বায়েজীদ বোস্তামী থানায় মামলা করেন। মামলায় কাশেম ও ইউসুফ ছাড়াও গিট্টু নাছির এবং ফয়েজ মুন্নাকে আসামি করা হয়। পরের বছরের ৭ ফেব্রুয়ারি এই চারজনের বিরুদ্ধে পুলিশ অভিযোগপত্র দাখিল করে। কয়েক বছর আগে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নাছির ও ফয়েজ মারা যান। ২০০৭ সালের ৫ জুলাই দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বর্তমানে মামলাটির ২২ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত।
নিহত সাইফুলের স্ত্রী আয়েশা আক্তার শহরের বালুছড়া এলাকার বাসায় গত শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘দুই শিশুসন্তান নিয়ে নিরাপত্তাহীনতায় বেঁচে আছি। ওরা ছাড়া পেলে আমাদের মেরে ফেলবে। প্রকাশ্যে গুলি করে মানুষ হত্যার মামলাটি কীভাবে প্রত্যাহার হয়, দেশবাসীর কাছে এটাই আমার প্রশ্ন।’