চট্টগ্রামের পতেঙ্গায় জ্বালানি তেল বিপণন কোম্পানি পদ্মা, মেঘনা ও যমুনার ডিপোতে নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন শিবির নেতা ফজলুর রহমান।
গতকাল শনিবার চট্টগ্রাম মহানগর হাকিম মো. রহমত আলীর আদালতে ফজলুর জবানবন্দি দেন। নাশকতার অন্য একটি মামলায় একই আদালত তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশের দাবি, চট্টগ্রামে জ্বালানি তেল স্থাপনায় নাশকতার পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় পতেঙ্গা থানা ছাত্র শিবিরের সভাপতি ফজলুর রহমানকে। গত শুক্রবার তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর সঙ্গে শিবিরের আরও ছয়জন নেতা-কর্মীকেও গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন এ জি এম আলী আরিফ, জমির উদ্দিন, আবদুল করিম (১), আবদুল করিম (২), মাহবুবুর রহমান ও খালিদ হাসান। তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
চট্টগ্রামের বন্দর থানার ওসি এ কে এম মহিউদ্দিন প্রথম আলোকে জানান, শিবিরের কেন্দ্রীয় নেতা এনামুল হক বিশেষ উদ্দেশ্যে চট্টগ্রামে এসেছিলেন। চট্টগ্রামে জ্বালানি তেলের তিনটি স্থাপনা ধ্বংস করার পরিকল্পনা ছিল তাঁদের। পরিকল্পনা বাস্তবায়নের ভার ছিল ফজলুর রহমানের ওপর, যা তিনি এর আগে আদালতে ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উল্লেখ করেছেন।
ওসি মহিউদ্দিন জানান, ইপিজেড এলাকায় যাত্রীবাহী গাড়ি পোড়ানো, পতেঙ্গায় বোমা হামলা এবং আরও কয়েকটি নাশকতার সঙ্গে ফজলুর রহমান জড়িত। একটি নাশকতার মামলায় তাঁকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এই চক্রের আরও কয়েক সদস্য পলাতক আছেন। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।