চট্টগ্রামের দুই কর্মকর্তাকে বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাঁরা হলেন সংগনিরোধ কেন্দ্রের রোগতত্ত্ববিদ মো. আব্দুর রশিদ মিয়া ও উপসহকারী সংগনিরোধ কর্মকর্তা সালাহ উদ্দিন আহমেদ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গত সোমবার এক প্রজ্ঞাপন ও অফিস আদেশে দুজনকে বদলির আদেশ জারি করে।
সোমবার রাতেই বন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের রোগতত্ত্ববিদের দায়িত্ব বুঝে নেওয়ার কথা মুঠোফোনে প্রথম আলোকে জানান চট্টগ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আমিনুল হক চৌধুরী।
২ আগস্ট প্রথম আলোর শেষ পৃষ্ঠায় ‘পোকামাকড় মুক্ত না করে কাঁচা তুলা খালাস হচ্ছে!’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। এতে আমদানি করা কাঁচা তুলায় পোকামাকড় ধ্বংস না করে সংগনিরোধ কেন্দ্র থেকে ছাড়পত্র প্রদানের বিষয়টি তুলে ধরা হয়। প্রতিবেদন প্রকাশের পর কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পুলক রঞ্জন সাহাকে আহ্বায়ক করে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়।
আইপি কার্যক্রম বহালের অনুরোধ: চট্টগ্রাম সমুদ্রবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র থেকে আমদানি অনুমতিপত্র (আইপি) প্রদানের কার্যক্রম আবার বহাল করতে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর প্রতি আহ্বান জানিয়েছে চট্টগ্রাম চেম্বার। চেম্বারের সভাপতি মাহবুবুল আলম মন্ত্রীর কাছে পাঠানো এক চিঠিতে এ আহ্বান জানান। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩ আগস্ট উদ্ভিদ সংগনিরোধ উইংয়ের পরিচালক চট্টগ্রাম পরিদর্শনকালে চট্টগ্রামের সংগনিরোধ কেন্দ্র থেকে আমদানি অনুমতিপত্র ইস্যু না করতে লিখিতভাবে নির্দেশ প্রদান করেন। কিন্তু ঢাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আমদানি অনুমতিপত্র সংগ্রহ সময়সাপেক্ষ। ফলে আগের মতো চট্টগ্রাম কার্যালয় থেকে আমদানি অনুমতিপত্র প্রদানের কার্যক্রম পুনর্বহাল করার জন্য কৃষিমন্ত্রীর প্রতি অনুরোধ জানানো হয়।