চট্টগ্রামের দুই বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) গতকাল বুধবার যথাযথ মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মারকে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, সাংবাদিক সমিতি, ছাত্রলীগ ও ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে। পরে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা বলেন, ‘১৯৭১ সালের ১৪ ডিসেম্বরের মর্মান্তিক হত্যাকাণ্ডের স্মৃতি আজও আমরা বয়ে বেড়াচ্ছি। এ হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া এখন সময়ের দাবি।’সভায় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. আলাউদ্দিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ সফিউল আলম, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. রুহুল আমিন, সাধারণ সম্পাদক সেকান্দর চৌধুরী প্রমুখ।এদিকে, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ক্যাম্পাসে মিছিল-সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি আবুল মনসুর সিকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক এম এ খালেদ চৌধুরী, সহসভাপতি মোস্তফা সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, রোবায়েত হোসাইন নিপুণ প্রমুখ।চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা, কালোব্যাজ ধারণ, শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও শহীদ বৃদ্ধিজীবীদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপাচার্য শ্যামল কান্তি বিশ্বাস, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন মোহাম্মদ রফিকুল আলম, পুরকৌশল অনুষদের ডিন সাইফুল ইসলাম, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন মো. আবদুর রশীদ, শিক্ষক সমিতির সভাপতি মুহাম্মদ ইব্রাহিম খান প্রমুখ। চুয়েটের পশ্চিম গ্যালারিতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।