চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর মামলার কার্যক্রম শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসী নাছির উদ্দিন ওরফে শিবির নাছির ও হেলাল আকবর চৌধুরী ওরফে বাবরসহ তাদের ২৫ সহযোগীর বিরুদ্ধে দায়ের হওয়া দুই হত্যা মামলার কার্যক্রম দীর্ঘদিন পর শুরু হয়েছে। গতকাল সোমবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদের আদালতে দুই মামলার শুনানি হয়। পরে বিচারক সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।
চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আইয়ুব খান প্রথম আলোকে বলেন, ১৯৯৪ সালে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক জমির উদ্দিন হত্যা মামলায় আগামী বুধবার এবং ১৯৯৬ সালে ছাত্রদল কর্মী আজাদ আলী খান হত্যা মামলায় রোববার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত। গতকাল এ মামলায় আসামিদের উপস্থিতির দিন ধার্য ছিল। দুই মামলার আসামি বাবর ও শিবির নাছিরসহ আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলার কার্যক্রমের ওপর আসামিরা উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নেন। কিন্তু সেই স্থগিতাদেশ প্রত্যাহার হয়েছিল ২০০৭ সালের ৯ ডিসেম্বর। কিন্তু আদেশটি ট্রাইব্যুনালে আসে গত ২৫ আগস্ট। এ আদেশ পাওয়ার পর মামলার কার্যক্রম শুরু করতে নির্দেশ দেন বিচারক। আজাদ হত্যা মামলায় গতকাল আদালতে হাজির ছিলেন জামিনে থাকা আসামি হেলাল আকবর ওরফে বাবর, মফিজুর রহমান, সুরজিত বড়ুয়া, উৎপল কুমার চৌধুরী, হাবিবুর রহমান ও মো. ইফতেখার। হাজির হননি পলাতক আসামি সুনীল দে, জাফর উল্লাহ, শাহনেওয়াজ ও হুমায়ুন কবির। আদালতে হাজিরা দিতে যাওয়ার সময় বাবর তাঁর অনুসারীদের বিশাল বহর নিয়ে আদালত প্রাঙ্গণে আসেন সকালে। পলিটেকনিক ছাত্র জমির উদ্দিন হত্যা মামলায় হাজিরা দেন শিবির নাছির।