চট্টগ্রামের দুই সন্ত্রাসী মুক্তির অপেক্ষায়

চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসী সরোয়ার হোসেন ও নুরনবী ম্যাক্সন সব মামলায় জামিন পেয়েছেন। যেকোনো দিন কারাগার থেকে মুক্তি পেতে পারেন তাঁরা। র্যাব ও পুলিশের তালিকাভুক্ত এই দুই সন্ত্রাসীর বিরুদ্ধে হত্যা এবং অস্ত্র ও চাঁদাবাজির ২০টি মামলা রয়েছে। তাঁরা জামিনে মুক্তি পেলে চাঁদাবাজি ও অস্ত্র ব্যবসা বেড়ে যাওয়ার আশঙ্কা করছে পুলিশ। তাঁদের গুরু সাজ্জাদ খান বর্তমানে ভারতের কারাগারে বন্দী।চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ রফিকুল কাদের প্রথম আলোকে বলেন, সরোয়ার ও ম্যাক্সন প্রায় সব মামলায় জামিন পেয়েছেন। যেকোনো সময় তাঁরা মুক্তি পেতে পারেন।চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার বনজ কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, সরোয়ার ও ম্যাক্সন জামিনে মুক্তি পেলে হত্যা, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্র ব্যবসা বেড়ে যাবে। সাজ্জাদের পর এখানে তাঁরাই অপরাধজগতের নিয়ন্ত্রক।মহানগর আওয়ামী লীগের নেতা ও জ্যেষ্ঠ আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, ‘জামিন দেওয়ার এখতিয়ার আদালতের। ঠেকানোর দায়িত্ব রাষ্ট্রপক্ষের কৌঁসুলির। পাহারাদারের (কৌঁসুলি) ভূমিকা দুর্বল ছিল। তাই এরা জামিনে বেরিয়ে আসার সুযোগ পাচ্ছে।’ রেজিস্টার ও মামলার নথি দেখে জানা গেছে, শিবিরের দুর্ধর্ষ ক্যাডার ও ছাত্রলীগের আট নেতা হত্যা মামলার ফাঁসির আদেশপ্রাপ্ত পলাতক সাজ্জাদ খানের সহযোগী সরোয়ার ও ম্যাক্সন। ২০১১ সালের ১১ জুলাই নগরের বায়েজিদ বোস্তামি এলাকা থেকে একে-৪৭ রাইফেল, অন্যান্য অস্ত্রসহ তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। কারাবন্দী হওয়ার এক মাসের মধ্যে ১০ আগস্ট বায়েজিদ বোস্তামি থানার একটি হত্যা মামলায় জামিন পান তাঁরা। ১৩ সেপ্টেম্বর জামিন হয় অপর একটি মামলায়, ২৭ অক্টোবর বায়েজিদ থানার আরেকটি হত্যা মামলায়, এরপর ৩ নভেম্বর বায়েজিদ থানার একটি চাঁদাবাজির মামলায় জামিন হয়। ২০১২ সালে জামিন হয় বায়েজিদ ও পাঁচলাইশ থানার ছয়টি মামলায়। চলতি বছরে জামিন হয় আটটি মামলায়।
পুলিশ ও স্থানীয় রাজনৈতিক সূত্র জানায়, এই দুই সন্ত্রাসীর মুক্তি হলে আগামী জাতীয় সংসদের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে।
মুক্তি পাচ্ছেন বাবর
চট্টগ্রাম রেলওয়ের সিআরবিতে টেন্ডার নিয়ে ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষে দুই খুনের ঘটনার মামলার আসামি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক সাইফুল আলম ওরফে লিমনের পর এবার জামিনে মুক্তি পেতে যাচ্ছেন যুবলীগের নেতা হেলাল আকবর চৌধুরী ওরফে বাবর। কোতোয়ালি থানার মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন হেলাল।
তবে জামিন আদেশের কাগজপত্র চট্টগ্রাম আদালতে এসে পৌঁছায়নি। কাগজপত্রের খোঁজে গতকাল রোববার হেলালের বাবা আদালতে যান।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ রফিকুল কাদের জানান, হেলাল আকবর চৌধুরীর জামিনের আদেশের কথা তিনি শুনেছেন। তবে কোনো আদেশনামা কারাগারে আসেনি। গত ২৪ জুন সিআরবি ভবনে রেলওয়ের দরপত্র নিয়ে ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষের ঘটনায় এঁরা দুজনসহ ৮৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ৩০-৪০ জনকে আসামি করে মামলা করে পুলিশ। সাইফুল মুক্তি পান ৪ আগস্ট।