চট্টগ্রামের দুই সফল মৎস্যচাষি পুরস্কৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ মৎ​স্যচাষি হিসেবে পুরস্কার পাওয়া নুরুল আমিন ও আবদুল্লাহ আল মাসুদ  l ছবি: প্রথম আলো
চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ মৎ​স্যচাষি হিসেবে পুরস্কার পাওয়া নুরুল আমিন ও আবদুল্লাহ আল মাসুদ l ছবি: প্রথম আলো

চট্টগ্রাম জেলার সফল দুই মৎস্যচাষিকে পুরস্কৃত করেছে মৎস্য অধিদপ্তর। কার্পজাতীয় মাছের পোনা ও মাছ উৎপাদনের জন্য তাঁদের এ স্বীকৃতি দেওয়া হয়। গতকাল সোমবার বিকেলে নগরের ষোলশহরে মৎস্য অধিদপ্তরের জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে মৎস্য সপ্তাহের সমাপনী আয়োজনে এ পুরস্কার দেওয়া হয়।
এ বছর সেরা মৎস্যচাষি হিসেবে পুরস্কার পেয়েছেন সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডের লিসা এগ্রো কমপ্লেক্সের স্বত্বাধিকারী আবদুল্লাহ আল মাসুদ ও সন্দ্বীপ উপজেলার রুপালী ফিস প্রিজার্ভারের স্বত্বাধিকারী নুরুল আমিন। সামুদ্রিক মৎস্য অধিদপ্তরের উপপরিচালক মরিয়ম সুলতানা প্রধান অতিথি হিসেবে সফল দুই মৎস্যচাষির হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতী দেব। বিশেষ অতিথি ছিলেন মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ দপ্তরের কর্মকর্তা মো. শাহজাহান আলী ও শ্রীবাস চন্দ। অনুষ্ঠানে ক্ষুদ্র মৎস্যজীবীদের পক্ষে বক্তব্য দেন আবদুন নূর।
অনুষ্ঠানের আগে গতকাল সকালে নগরের চন্দনপুরা ফায়ার স্টেশনের পুকুরে চার শ রুইজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।