চট্টগ্রামের দুটি ওয়ার্ডে স্মার্ট কার্ড বিতরণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) হাতে পেয়ে উচ্ছ্বাস। চট্টগ্রাম নগরের বাগমনিরাম আবদুর রশিদ সিটি করপোরেশন উচ্চবিদ্যালয় থেকে গতকাল সকালে তোলা ছবি l প্রথম আলো
জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) হাতে পেয়ে উচ্ছ্বাস। চট্টগ্রাম নগরের বাগমনিরাম আবদুর রশিদ সিটি করপোরেশন উচ্চবিদ্যালয় থেকে গতকাল সকালে তোলা ছবি l প্রথম আলো

চট্টগ্রামের কোতোয়ালি ও ডবলমুরিং থানার দুটি ওয়ার্ডে উন্নত মানের জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) বিতরণ কার্যক্রম গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। দুটি ওয়ার্ডে প্রায় এক মাস ধরে এই কার্যক্রম চলবে।

গতকাল সকাল নয়টা থেকে কোতোয়ালি থানার বাগমনিরাম ওয়ার্ড ও ডবলমুরিং থানার দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডে স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়। বাগমনিরাম আবদুর রশিদ সিটি করপোরেশন উচ্চবিদ্যালয় ও দক্ষিণ পাহাড়তলীর টাইগারপাস বহুমুখী উচ্চবিদ্যালয় থেকে দুটি ওয়ার্ডের নাগরিকদের মধ্যে কার্ড বিতরণ করা হচ্ছে।

স্মার্ট কার্ডে ব্যক্তির নাম (বাংলা ও ইংরেজি), মা-বাবার নাম, জন্মতারিখ ও জাতীয় পরিচয় নিবন্ধন নম্বর দৃশ্যমান থাকছে। কার্ডের পেছনে থাকছে ব্যক্তির ভোটার এলাকার ঠিকানা, রক্তের গ্রুপ ও জন্মস্থান। তবে সব মিলিয়ে স্মার্ট কার্ডের মধ্যে থাকা চিপ বা তথ্যভান্ডারে ৩১ ধরনের তথ্য থাকছে, যা মেশিনে পাঠযোগ্য হবে।

২২ ধরনের সেবা পাওয়ার ক্ষেত্রে এই স্মার্ট কার্ড কাজে লাগবে। আয়করদাতা শনাক্তকরণ নম্বর পাওয়া, শেয়ার আবেদন ও বিও হিসাব খোলা, ড্রাইভিং লাইসেন্স করা ও নবায়ন, ট্রেড লাইসেন্স করা, পাসপোর্ট করা ও নবায়ন, যানবাহন রেজিস্ট্রেশন, চাকরির আবেদন, বিমা স্কিমে অংশগ্রহণ, স্থাবর সম্পত্তি ক্রয়-বিক্রয়, বিয়ে ও তালাক রেজিস্ট্রেশন, ব্যাংক হিসাব খোলা, নির্বাচনে ভোটার শনাক্তকরণ, ব্যাংকঋণ, গ্যাস-পানি-বিদ্যুতের সংযোগ, সরকারি বিভিন্ন ভাতা উত্তোলন, টেলিফোন ও মোবাইলের সংযোগ, সরকারি ভর্তুকি, সাহায্য ও সহায়তা, ই-টিকিটিং, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, আসামি ও অপরাধী শনাক্তকরণ, বিজনেস আইডেনটিফিকেশন নম্বর পাওয়া ও সিকিউরড ওয়েব লগে ইন করার ক্ষেত্রে এটি কাজে লাগবে।

গতকাল সরেজমিনে নগরের বাগমনিরাম উচ্চবিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, লাইন ধরে স্মার্ট কার্ডের জন্য অপেক্ষা করছেন লোকজন। আগের জাতীয় পরিচয়পত্র নিয়ে এসে দেখানোর পর স্মার্ট কার্ডটির নম্বর খুঁজে বের করা হচ্ছে। এরপর অন্য একটি কক্ষে ভোটারের হাতের ১০ আঙুলের ছাপ ও দুই চোখের ছবি নেওয়া হচ্ছে। এরপর সংশ্লিষ্ট ব্যক্তির স্মার্টকার্ড হাতে তুলে দেওয়া হচ্ছে।

স্মার্ট কার্ড হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে নিজাম উদ্দিন নামের এক ব্যক্তি বলেন, ‘শুনেছি এই কার্ড দিয়ে অনেক কাজ হবে। কার্ডে অনেক তথ্য থাকবে।’

বাগমনিরাম ওয়ার্ডে প্রায় ৩৩ হাজার এবং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডে প্রায় ৫০ হাজার স্মার্ট কার্ড এসেছে। ২০০৭ থেকে ২০১৪ সালের মধ্যে জাতীয় পরিচয়পত্র যাঁরা হাতে পেয়েছেন, প্রথম পর্যায়ে তাঁদের স্মার্ট কার্ড দেওয়া হচ্ছে।

কোতোয়ালি থানা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম বলেন, আগামী ১৩ এপ্রিল পর্যন্ত সরকারি ছুটির দিন ছাড়া বাগমনিরাম ওয়ার্ডে স্মার্ট কার্ড বিতরণ করা হবে। এরপর পর্যায়ক্রমে অন্য ওয়ার্ডের বিতরণকাজ চলবে।

ডবলমুরিং থানা নির্বাচন কর্মকর্তা সাহেদ হোসেন বলেন, দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডে প্রায় ৫০ হাজার ভোটার রয়েছেন। ১৮ এপ্রিল পর্যন্ত সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন স্মার্ট কার্ড বিতরণ বিতরণ করা হবে। কার্ডের ছবি পরিবর্তন করতে চাইলে পরে নির্বাচন কার্যালয়ে আবার আবেদন করতে হবে বলে জানান তিনি।

এর আগে ১৩ মার্চ প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা চট্টগ্রামে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

স্মার্ট কার্ড প্রকল্পের উপপ্রকল্প পরিচালক মো. আবদুল বাতেন বলেন, একটি স্মার্ট কার্ডে মোট ৩১ ধরনের তথ্য থাকবে। এর মধ্যে ২৫টি তথ্য বাধ্যতামূলক থাকবে। এই কার্ডের মধ্য দিয়ে ২২ ধরনের সেবা পাওয়া যাবে।