চট্টগ্রামের নতুন গ্যাস যাবে বিদ্যুৎকেন্দ্রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাঙ্গু গ্যাসক্ষেত্রে পাওয়া নতুন গ্যাস আগামী এপ্রিল মাস থেকে জাতীয় গ্রিডে যোগ হবে। তবে এই গ্যাস চট্টগ্রামের সাধারণ গ্রাহকেরা পাবেন না। প্রতিযোগিতামূলক বাজারমূল্যে এই গ্যাস বাজারে বিক্রি করবে বহুজাতিক প্রতিষ্ঠানটি। ওই গ্যাস নেওয়ার জন্য ইতিমধ্যে সান্তোসের সঙ্গে আলোচনা শুরু করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে। সাঙ্গুর মালিকানা প্রতিষ্ঠান সান্তোসের সিনিয়র ড্রিলিং ইঞ্জিনিয়ার হাসনাইন ইব্রাহিম প্রথম আলোকে বলেন, নতুন পাওয়া গ্যাসক্ষেত্রে কী পরিমাণ মজুদ আছে আর প্রতিদিন কী পরিমাণ গ্যাস সরবরাহ করা যাবে, তার পরীক্ষা-নিরীক্ষা চলছে। আজ (সোমবার) থেকে এই পরীক্ষা শুরু হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে ফলাফল পাওয়া যাবে। চট্টগ্রামে সরকারি মালিকানাধীন তিনটি বিদ্যুৎকেন্দ্র আছে, যেগুলোর প্রধান জ্বালানি গ্যাস। এগুলোর সম্মিলিত উৎপাদনক্ষমতা ৬৪০ মেগাওয়াট। কিন্তু গ্যাসের অভাবে এক বছর ধরে তিনটি কেন্দ্রই বন্ধ রয়েছে। এসব কেন্দ্রে গ্যাসের মোট চাহিদা প্রায় ১৫০ মিলিয়ন ঘনফুট। নাম প্রকাশে অনিচ্ছুক সান্তোসের একজন কর্মকর্তা বলেন, ‘সরকারি নিয়ম অনুযায়ী আমরা যে পরিমাণ গ্যাসের মালিকানা পাব, তা অধিক দামে বিক্রি করব। ইতিমধ্যে পিডিবি অধিক দামে গ্যাস কিনতে আগ্রহ দেখিয়েছে।’ তিনি বলেন, সরকার আমাদের কাছ থেকে গ্যাস কিনে প্রতি হাজার ঘনফুট মাত্র ২ দশমিক ৯ ডলারে। আমরা এ গ্যাস পাঁচ ডলারের বেশি দামে বিক্রি করতে চাই।পিডিবি সূত্রে জানা যায়, বর্তমানে ফার্নেস তেল দিয়ে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো যে বিদ্যুৎ উৎপাদন করে তার দাম অনেক বেশি পড়ে। সান্তোসের কাছ থেকে অধিক দরে গ্যাস কিনে যদি বিদ্যুৎ উৎপাদন করা যায়, তাতেও পিডিবি অনেক বেশি লাভবান হবে। এদিকে নোয়াখালীর সুন্দলপুরে উৎপাদিত গ্যাস জাতীয় গ্রিডে যোগ হওয়ার পর চট্টগ্রাম এলাকায় গ্যাসের চাপ বেড়েছে। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. সানোয়ার হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, সুন্দলপুরের গ্যাস জাতীয় গ্রিডের মাধ্যমে নোয়াখালী এলাকায় দেওয়া হয়েছে। আর আগে নোয়াখালী এলাকায় যে গ্যাস ফেনী থেকে সরবরাহ করা হতো, তা এখন চট্টগ্রামে দেওয়া হচ্ছে। এতে চট্টগ্রাম অঞ্চলে গ্যাসের সরবরাহ কিছুটা হলেও বেড়েছে। তবে জাতীয় গ্রিড থেকে গ্যাসের প্রবাহ বাড়লেও স্থানীয় পর্যায়ের উৎপাদন কমেছে। সাঙ্গু গ্যাস ফিল্ডের গ্যাস আরও কমে দুই মিলিয়ন ঘনফুটে নেমেছে। আর খাগড়াছড়ির স্যামুতাং থেকে পাওয়া যাচ্ছে মাত্র ১২ মিলিয়ন ঘনফুট। গত বছর জুন মাসে উৎপাদন শুরুর পর এখান থেকে ২০ মিলিয়ন ঘনফুট উৎপাদন হতো। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি (কেজিডিসিএল) সূত্রে জানা যায়, গতকাল পর্যন্ত চট্টগ্রামে সব মিলিয়ে গ্যাসের সরবরাহ ছিল ২০৫ মিলিয়ন ঘনফুট। চট্টগ্রামে গ্যাসের চাহিদা ৪০০ মিলিয়নেরও বেশি।