বিভিন্ন নদী ও নদীর পাড় দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। গতকাল রোববার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা নদী রক্ষা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয়।
জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মো. আতাহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কমিশনের সদস্য অতিরিক্ত সচিব মো. আলাউদ্দিন।
সভায় চট্টগ্রামের কর্ণফুলী, সাঙ্গু ও হালদা নদী রক্ষার জন্য সুপারিশমালা তৈরির সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া নদীগুলোর দখলদারদের উচ্ছেদ, নদীভিত্তিক পৃথক ডেটাবেইস তৈরি, সীমানা নির্ধারণ, নদীর নকশা তৈরি, হালদা নদীর জীববৈচিত্র্য রক্ষা, দূষণকারী প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
সভায় আতাহারুল ইসলাম বলেন, নদীগুলো দখল ও দূষণে রাজনৈতিক দলের লোকজন জড়িত। কিছু প্রভাবশালীর স্বার্থও রয়েছে এখানে। নদী রক্ষায় কেউ বাধা হয়ে দাঁড়ালে তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দখলদারদের কোনো দল নেই। নদীগুলো রক্ষা করতে হলে প্রশাসনকে আরও কঠোর হতে হবে। তিনি আরও বলেন, ‘দখল ও দূষণের কারণে আমরা নদীগুলোকে হারাতে বসেছি। রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে উঠে নদীগুলো রক্ষা করতে হবে।’
চট্টগ্রামের বিভিন্ন নদীর পাড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়ে আতাহারুল ইসলাম বলেন, কর্ণফুলী নদীর পাড়ে প্রায় আড়াই হাজার স্থাপনা গড়ে উঠেছে। অবৈধ স্থাপনার একটি তালিকা উচ্চ আদালতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসক বলেন, নদী দখলদারেরা অনেক শক্তিশালী। তবে সবার সহযোগিতা পেলে কোনো শক্তিই বাধা হয়ে দাঁড়াতে পারবে না। সভায় যে সিদ্ধান্তগুলো হয়েছে, তা দ্রুত বাস্তবায়নের চেষ্টা করা হবে।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মকবুল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইলিয়াছ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদের সচিব শাব্বির ইকবাল সভায় বক্তব্য দেন।