চট্টগ্রামের নয়টি সরকারি বিদ্যালয়ে সাড়ে ২৪ হাজার আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের নয়টি সরকারি বিদ্যালয়ে অনলাইনে ভর্তির আবেদন গত বৃহস্পতিবার মধ্যরাতে শেষ হয়েছে। ২২ ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে। অনলাইনে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয় গত ২৫ নভেম্বর।
চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্র জানায়, পঞ্চম থেকে নবম শ্রেণি পর্যন্ত ৩ হাজার ৫৫৬টি শূন্য আসনে ভর্তির আবেদন করেছে ২৪ হাজার ৫৯০ শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ১৫ হাজার ৬৮৬ জন ও ছাত্রী ৮ হাজার ৯০৪ জন। এর বাইরে বিভিন্ন কোটার জন্য আবেদন করেছে ১ হাজার ৩৯৪ শিক্ষার্থী। এবার পঞ্চম শ্রেণির ১ হাজার ৯২০টি শূন্য আসনে আবেদন করেছে ৯ হাজার ৭৪৫ শিক্ষার্থী। ষষ্ঠ শ্রেণির ৬৫৫টি আসনে আবেদন জমা পড়েছে ৮ হাজার ৩৪০টি। সপ্তম শ্রেণির ৪৫টি আসনে আবেদন করেছে ৮৬৬ শিক্ষার্থী। অষ্টম শ্রেণির ১৬৫ আসনে আবেদন জমা পড়েছে ১ হাজার ৬৩২টি এবং নবম শ্রেণির ৭৭১টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৪ হাজার ৭ জন শিক্ষার্থী।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দৌলতুজ্জামান খান বলেন, ২২ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত পঞ্চম শ্রেণির ভর্তি পরীক্ষা হবে। একই দিনে বেলা একটা থেকে তিনটা পর্যন্ত অষ্টম শ্রেণির পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ২৬ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ষষ্ঠ শ্রেণির এবং বেলা একটা থেকে তিনটা পর্যন্ত সপ্তম শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর নবম শ্রেণিতে জেএসসি ও এর সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভর্তি করা হবে। এই শ্রেণিতে কোনো ভর্তি পরীক্ষা হবে না।