চট্টগ্রামের নিউমার্কেট ও জিইসি মোড়ে গাড়ি চলাচলে পরিবর্তন
চট্টগ্রাম নগরের জিইসি মোড় ও নিউমার্কেট মোড় এলাকায় যানজট কমাতে পরিবর্তন আনছে নগর পুলিশের যানবাহন শাখা। দ্রুত তা কার্যকরেরও উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ওই দুটি এলাকায় যানজট কমবে বলে আশা করা হচ্ছে।
চট্টগ্রাম নগরের মধ্যে নিউমার্কেট ও জিইসি মোড় এলাকায় যানজট লেগেই আছে। কারণ, এই দুটি মোড়ে মানুষের যাতায়াত বেশি।
পুলিশ সূত্র জানায়, নগরের ১৪টি রুটের বাসের গন্তব্য নিউমার্কেটকেন্দ্রিক। সব এলাকা থেকে বাস এসে সেখানে থামে। তাতে ওই মোড়ে সব সময় তীব্র যানজট লেগে থাকে। তাই নতুন নিয়মে কিছু রুটের বাসের গন্তব্য নিউমার্কেটের পরিবর্তে টাইগারপাস, সিআরবি ও কোতোয়ালি মোড় পর্যন্ত ঠিক করে দেওয়া হবে।
একইভাবে ওয়াসা থেকে সোজা জিইসি মোড়ে আসা কোনো গাড়িকে ‘ইউটার্ন’ বা ওআর নিজাম সড়কে যেতে দেওয়া হবে না। এসব গাড়ি গরীবুল্লাহ শাহ মাজার ও জাকির হোসেন সড়ক হয়ে জিইসি মোড় দিয়ে ওআর নিজাম সড়ক ও পেনিনসুলা হোটেলের দিকে যেতে পারবে।
নগর পুলিশের যানবাহন শাখার উপকমিশনার ফারুক আহমেদ প্রথম আলোকে বলেন, ‘নগরের নিউমার্কেট মোড় ও জিইসি মোড়ের যানজট সহনীয় পর্যায়ে নিয়ে আসতে আমরা কিছু পদক্ষেপ নিয়েছি। এর মধ্যে নগরের ১৪টি রুটের বাসের গন্তব্যে পরিবর্তন আসছে। আমরা সব কটি বাসের গন্তব্য আর নিউমার্কেট পর্যন্ত রাখতে চাচ্ছি না। কিছু বাস টাইগারপাস, সিআরবি এবং কোতোয়ালি পর্যন্ত এসে থেমে যাবে।’
ফারুক আহমেদ আরও বলেন, ‘জিইসি মোড়ের যানজট কমানোর কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে ওয়াসা মোড় থেকে সোজা পথে আসা গাড়িগুলোকে ওআর নিজাম সড়ক এবং ইউটার্ন করতে দেওয়া হবে না। ওই গাড়িগুলো গরীবুল্লাহ শাহ মাজার ও জাকির হোসেন সড়ক দিয়ে জিইসি মোড় পার হবে।’
ওআর নিজাম সড়কের একাধিক বাসিন্দা প্রথম আলোকে জানায়, ওয়াসা থেকে সোজা পথের পরিবর্তে জাকির হোসেন সড়ক ঘুরে জিইসি মোড় পার হওয়ার ব্যাপারে আপত্তি নেই। এক কিলোমিটারের বেশি পথ ঘুরে ওআর নিজাম সড়ক এলাকায় যেতে হবে। কিন্তু ওআর নিজাম সড়কের দুই পাশ গাড়ি পার্কিংয়ের জন্য ব্যবহার করা হচ্ছে। সেখান থেকে নিয়মিত উচ্ছেদ অভিযান না চালালে কোনো পদক্ষেপ কার্যকর হবে না।
এদিকে নগরের ১৪টি রুটের যাত্রীবাহী বাসের সংখ্যা জানার জন্য জরিপকাজ শুরু করেছে নগর পুলিশের যানবাহন শাখা। ইতিমধ্যে তিনটি রুটের জরিপ শেষ হয়েছে। বাকি আটটির জরিপ চলমান।
উপকমিশনার ফারুক আহমেদ বলেন, ‘নগর রুটের যাত্রীবাহী বাসের প্রকৃত সংখ্যা বের করতে আমরা জরিপকাজ শুরু করেছি। নগর পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতেই এই জরিপ। কেউ নিয়ম ভঙ্গ করলে আমরা আইনগত ব্যবস্থা নেব। এরপর আমরা টেম্পোর জরিপ কাজ শুরু করব।’